×

মুক্তচিন্তা

দ্বিতীয় বিয়ে, প্রথম স্ত্রীর অনুমতি এবং কিছু নৈতিক প্রশ্ন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ১২:০১ এএম

একজন ব্যক্তির দ্বিতীয় বিয়ে কীভাবে তার প্রথম স্ত্রীর প্রতি সুবিচার হতে পারে? আপনার প্রাণপ্রিয় মাকে না জানিয়ে আপনার বাবা বা আপনার কন্যার বা আপনার বোনের স্বামী যদি এই কাজটি করে আপনি কি নির্দ্বিধায় মেনে নেবেন? এসব সাফাই গেয়ে আর যার যার সুবিধামতো ব্যাখ্যা দিয়ে পুরো সমাজকে আপনারা নৈতিকভাবে কি অধঃপতনের দিকে ঠেলে দিচ্ছেন না? আপনাদের এসব ব্যাখ্যার ফলে কি অগণিত মা-বোন আর কন্যার জীবনকে অসম্মানজনক ও দুর্বিষহ করবে না? অর্থনৈতিক ও বিভিন্ন কারণ যেমনÑ পরকীয়া সম্পর্ক, যৌতুক, নারীকে মানসিক ও শারীরিকভাবে কষ্ট দেয়া, বিশেষ করে তরুণ সমাজের মধ্যে অতি সহজে বিয়ে ভেঙে দেয়ার প্রবণতা ইত্যাদি। হাজারো ঘটনা নিয়ে এখনকার সমাজ ভারাক্রান্ত হয়ে পড়েছে, অগণিত পরিবার এবং এই সঙ্গে তাদের বাবা, মা, ভাইবোনদের জীবন ও ভবিষ্যৎ উলট-পালট হচ্ছে। আপনাদের তথা ধর্মীয় আলেমদের এই ধরনের ব্যাখ্যাগুলো সমাজকে কি আরো বারোটা বাজাতে সাহায্য করবে না? এটা কি ‘জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দেয়া’ হবে না? লুকিয়ে আরো বিয়ে করতে কি অনেকেই উৎসাহিত হবেন না? সমাজে সুন্দর ও শান্তির পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে আপনাদের কি কোনো দায়িত্ব নেই? আপনাদের এই ধরনের বক্তব্যগুলো কি তরুণ সমাজকে বিয়ে-শাদি করা থেকেই নিরুৎসাহিত করবে না? এতে বিশেষ করে বিবাহিত নারীরা তথা আপনার মা, বোন বা কন্যারা কি এক ধরনের নিরাপত্তহীনতায় ভুগবেন না? সঠিকভাবে এবং নিরপেক্ষভাবে বিশ্লেষণ করলে দেখা যায় ইসলাম প্রকৃতপক্ষে একটি বিয়ের জন্যই উপদেশ দেয় কারণ, একাধিক বিয়ে করলে অন্য স্ত্রীর প্রতি আসলেই সুবিচার করতে পারবেন না। অনুমতি তো দূরে থাক বরং আপনি লুকিয়ে আরেকটি বিয়ে করলেন, এটা কি সুবিচার হলো? এত বছর ঘর করার পরেও স্বামীজির মনের বাসনা বর্তমান স্ত্রীকে জানতেও দিলেন না, এটাকি সুবিচার হলো? বাস্তবে দেখা যাবে, যাকে সর্বশেষে বিয়ে করা হয়েছে বা যিনি অপেক্ষাকৃত তরুণী তার সঙ্গেই স্বামীজি সময় বেশি কাটাবেন, রিসোর্টে আর হলিডেতে যাবেন- এটা কি অন্য স্ত্রীর প্রতি সুবিচার হবে? সমাজের কল্যাণ চিন্তা করে দেশে দেশে এমনকি বাংলাদেশেও রাষ্ট্রীয় আইন করে বলা হয়েছে, একটির অধিক বিয়ে করা যাবে না এবং বাংলাদেশে করলে প্রথম স্ত্রীর অনুমতি এবং এই সঙ্গে নিজ নিজ এলাকার সালিশি বোর্ডের সম্মতি লাগবে। এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় আইনটিকে না মেনে ফৈজদারি অপরাধী হবেন কেন? নিজের বিবেকের কারণে চুপচাপ থাকতে পারলাম না বলে এসব সামাজিক ও নৈতিক প্রশ্ন করলাম। জানি না গ্রহণযোগ্য যুক্তি সমাজের বৃহত্তর স্বার্থ এবং ইসলাম শান্তির ধর্ম এ বিবেচনায় কেউ যুক্তিযুক্ত-সুবিচার সম্পন্ন উত্তর দেবেন কিনা! ব্যাখ্যাসহ উত্তর আশা করি বিজ্ঞদের কাছ থেকে। যারা অলরেডি একাধিক বিয়ে এভাবে করেছেন তারা নয়, বরং যারা করেননি এখনো, তারাই নিরপেক্ষ মত দিতে পারবেন। যারা করেছেন, তারা আমার প্রশ্ন পছন্দ করবেন না এবং তাদের গাত্রদাহ হবে ধরে নিয়েছি, কিন্তু কাউকে আঘাত করতে আমি প্রশ্নগুলো করিনি। আমার উদ্দেশ্য- সমাজ সচেতনতার মাধ্যমে ন্যায়বিচার ও মানবাধিকার প্রমোট করা। ওপরের কথাগুলো আর প্রশ্নগুলো নৈতিকতার দিক থেকে অনেকের মনের প্রশ্ন। সবশেষে আইনজীবী হিসেবে বাংলাদেশের প্রচলিত আইন কী বলে এ সম্পর্কে একটু না বললেই নয়। এখানে উল্লেখ্য, যে ব্যক্তি সালিশি পরিষদের অনুমতি ছাড়া আরেকটি বিয়ে করেন, তিনি ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ৬ (৫) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করবেন। আদালতে দোষী প্রমাণিত হলে দোষী ব্যক্তিকে এক বছর পর্যন্ত বিনা শ্রম কারাদণ্ড বা ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। আবার দ্বিতীয় স্ত্রীর কাছে যদি আগের বিয়ের কথা গোপন করেন তাহলেও দণ্ডবিধি অনুযায়ী কঠিন শাস্তি পেতে হবে। আমার জানামতে এসব আইন তৈরি করার আগে সরকার দেশের ইসলামি আলেমদের মতামত নিয়েছিল। একজন দেশপ্রেমিক নাগরিকের দায়িত্ব হচ্ছে দেশের সংবিধান, প্রচলিত আইন ও বিধি মেনে চলা। আর যখন বিদেশে থাকবেন তখন সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং মানতে হবে। অবশ্য বিদেশে গেলে সবাই ঠিকই ওই দেশের আইন হুবহু নির্দ্বিধায় মেনে চলতে ভুল করেন না, তবে অনেকে নিজের দেশ বাংলাদেশে থেকেই যত বিতর্ক করেন।

ব্যরিস্টার মনোয়ার হোসেন মানবাধিকার আইনজীবী ও সংগঠক। monwar27@yahoo.co.uk

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ড্রোন ও মিসাইল ঘাঁটিগুলো শত্রুর ধরাছোঁয়ার বাইরে: ইরান

ড্রোন ও মিসাইল ঘাঁটিগুলো শত্রুর ধরাছোঁয়ার বাইরে: ইরান

ট্রাম্পের ইসরায়েল নীতি ‘বিপজ্জনক’, বিশ্লেষকদের উদ্বেগ

ট্রাম্পের ইসরায়েল নীতি ‘বিপজ্জনক’, বিশ্লেষকদের উদ্বেগ

ইরানে সামরিক অভিযানে 'অস্বীকার্য অগ্রগতির দাবি সেন্টকমের

ইরানে সামরিক অভিযানে 'অস্বীকার্য অগ্রগতির দাবি সেন্টকমের

সর্দার নিয়োগকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

সর্দার নিয়োগকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App