সেমিফাইনালে বিমানবাহিনী ও পিডিবি
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯, ০৯:১৭ এএম
বিজয় দিবস ভলিবল প্রতিযোগিতায় সেমিফাইনালের টিকেট আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল সেমিতে খেলার যোগত্যা অর্জন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও বিমানবাহিনী। এদিন ভলিবল স্টেডিয়ামে ‘ক’ গ্রুপের ম্যাচে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দুর্দান্ত খেলে ২৮-২৬, ২৫-১৯, ২৫-১২ পয়েন্টে (৩-০ সেটে) বিকেএসপিকে হারিয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এটা ছিল তৃতীয় জয়। ৪ ম্যাচের ৩টিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে তারাও সেমিফাইনালে নাম লিখিয়েছে।
এই গ্রুপের অন্য খেলায় বাংলাদেশ সেনাবাহিনী ২৫-১৫, ২৫-১৭, ২৫-২০ পয়েন্টে (৩-০ সেটে) বাংলাদেশ আনসারকে হারিয়েছে। ৪ ম্যাচের ৪টিতেই জিতে ‘ক’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছে তারা।
‘খ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ বিমানবাহিনী ২৫-১৮, ১৫-২৫, ২৫-২১, ২৫-১৪ পয়েন্টে (৩-১ সেটে) তিতাস ক্লাবকে হারায়। বিমানবাহিনীর এটা তৃতীয় জয়। প্রথম ৩ ম্যাচের ৩টিই জিতে ইতোমধ্যে তারাও সেমিফাইনালে নাম লিখিয়েছে।
এবার বিজয় দিবস ভলিবল প্রতিযোগিতায় সিঙ্গেল লিগ পদ্ধতিতে গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। দুই গ্রুপ থেকে সেরা ৪টি দল সেমিফাইনালে উঠবে। ১০টি দলের অংশগ্রহণে এই প্রতিযোগিতা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
আজ ৩টি ম্যাচ রয়েছে। সকাল ১১টায় ‘ক’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ জেল মুখোমুখি হবে বিকেএসপির। আর ‘খ’ গ্রুপের ম্যাচে সকাল ৯টায় তিতাস ক্লাব লড়বে ফায়ার সার্ভিসের বিপক্ষে। ‘খ’ গ্রুপের অন্য ম্যাচে বাংলাদেশ নৌবাহিনী মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশের। ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেল ৩টায়।
এছাড়া বিজয় দিবস ভলিবল প্রতিযোগিতায় অংশ নেয়া দশটি দলকে দুটি গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ‘ক’ গ্রুপে রয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ জেল, বিকেএসপি এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি। ‘খ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, তিতাস ক্লাব, বাংলাদেশ পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
