সাংসদ ইউনুস আলী মৃত্যুতে স্পিকারের শোক
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯, ০৪:০২ পিএম
গাইবান্ধা ৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. মো. ইউনুস আলী সরকারের (৬৬) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি… রাজিউন)।
এক শোক বার্তায় স্পিকার বলেন, ডা. ইউনুস আলী সরকারের মৃত্যুতে জাতি এক বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। স্পিকার মরহুমের রুহের মাগফেরাত কামনা ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। অপরদিকে ডা. ইউনুস আলী সরকারের মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ২০১৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন ডা. ইউনুস আলী সরকার। তার গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রামে।
