মলবোর্নে আবার স্মিথ ঝলক
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯, ০৯:২৫ এএম
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি) আর স্টিভ স্মিথ যেন একে অপরের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। সেটির প্রমাণ ২০১৪ সাল থেকে শুরু করে ২০১৭ পর্যন্ত আগেই দেখিয়েছেন স্মিথ। এ ৪ বছর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টানা ৪ বছর সেঞ্চুরি করেছেন তিনি। ২০১৮ সালে ১ বছরের নিষেধাজ্ঞা থাকার কারণে অস্ট্রেলিয়ার হয়ে কোনো ম্যাচ খেলতে পারেননি। ফলে সে বছর মেলবোর্নেও নামা হয়নি তার।
এবার ১ বছর পর আবার এমসিজিতে টেস্ট ম্যাচ খেলতে নেমে এই মাঠে নিজের টানা পঞ্চম টেস্ট সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন সাবেক এই অজি তারকা। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে বক্সিং ডে টেস্টের প্রথম দিন ৭৭ রান করে অপরাজিত থেকে শেষ করেছেন তিনি। তার এই রানের সুবাদে ৪ উইকেট হারিয়ে ২৫৭ রান তুলে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার বক্সিং ডে টেস্টে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথমে বল করার সিদ্ধান্ত ভুল ছিল না সেটি প্রথমেই প্রমাণ করে দেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। তিনি অজি ওপেনার জো বার্নসকে ০ রানে সাজঘরে পাঠিয়ে দেন। তবে দ্রুত প্রথম উইকেট হারালেও লেবুচানেকে নিয়ে ৬০ রানের পার্টনারশিপ গড়ে তোলেন আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার। ওয়ার্নার আউট হন ৪২ রান করে। এরপরই ব্যাটিংয়ে নামেন স্মিথ। তিনি লেবুচানেকে নিয়ে গড়ে তোলেন ৮৩ রানের পার্টনারশিপ। লেবুচানে তার হাফসেঞ্চুরি পূর্ণ করে ৬৩ রান করে আউট হয়ে যান। তখন অজিদের দলীয় সংগ্রহ ১৪৪ রান।
অস্ট্রেলিয়া তাদের চতুর্থ উইকেটটি হারায় ২১৬ রানের মাথায়। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হন ৩৮ রান করা ম্যাথু ওয়েড। এখন স্মিথের সঙ্গে ২৫ রান করে অপরাজিত রয়েছেন ট্রাভিস হেড। গতকাল পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট তুলে নেন কলিন ডি গ্রান্ডহোম। আর একটি করে উইকেট শিকার করেন ট্রেন্ট বোল্ট ও মিচেল সান্টনার। যে পিচটিতে এবারের ম্যাচটি হচ্ছে সেটি বোলারদের জন্য আদর্শ হলেও স্মিথের কারণে গতকাল বড় কোনো অঘটন ঘটাতে পারেনি কিউই বোলাররা।
এদিকে বৃহস্পতিবার টেস্ট ম্যাচটির প্রথম দিনে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে উপস্থিত ছিল ৮০ হাজারেরও অধিক দর্শক। যা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার যেকোনো টেস্টের প্রথম দিন সবচেয়ে বেশি দর্শক উপস্থিত হওয়ার রেকর্ড। বক্সিং ডে টেস্টটি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার অ্যাশেজ সিরিজের ম্যাচ হলে এত দর্শক দেখা যায়। কিন্তু ১৯৭৫ সালের পর অ্যাশেজ ম্যাচ ছাড়াই এত দর্শক কোনো টেস্ট ম্যাচ দেখতে মেলবোর্ন গ্রাউন্ডে এসেছেন। ১৯৭৫ সালে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার বক্সিং ডে টেস্টে মেলবোর্নে সর্বশেষ ৮০ হাজার দর্শক একসঙ্গে প্রথম দিনের খেলা দেখতে এসেছিল।
