বরিশালে কদর কমেছে টিসিবির পেঁয়াজের
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯, ০৬:৪৮ পিএম
টিসিবির পেঁয়াজের দাম ৪৫ টাকা কেজি থেকে কমিয়ে ৩৫ টাকা করলেও চাহিদা কম এই পেঁয়াজের। রাস্তার পাশে টিসিবির পেঁয়াজ বিক্রয় কেন্দ্রে দেখা যায় বিক্রেতারা ট্রাকে পেঁয়াজ নিয়ে দাঁড়িয়ে থাকলেও ক্রেতা মিলছে না। অথচ যেখানে কদিন আগেই ছিল ক্রেতাদের দীর্ঘ লাইন।
কদিন আগেই বেশ কয়েকগুণ বেশি দামে বিক্রি হত পেঁয়াজ। ভোক্তাদের মাঝে পেঁয়াজ সরবরাহ করতে টিসিবি ৪৫ টাকায় পেঁয়াজ বিক্রি করে। টিসিবির পেঁয়াজ কিনতে ভ্রাম্যমাণ গাড়ির পেছনে তৈরি হয় দীর্ঘ লাইন। অনেকটা যুদ্ধ করার মতো করে ১ কেজি পেঁয়াজ সংগ্রহ করতেন ক্রেতারা। তবে দাম কমিয়ে পেঁয়াজ বিক্রি করলেও ক্রেতা পাচ্ছে না টিসিবি।
টিসিবির পেঁয়াজ বিক্রেতা বলেন, গত সপ্তাহের আগে ৪৫ টাকা কেজিতে প্রতিদিন ৩ টন পেঁয়াজ বিক্রি করতাম। এখন ৩৫ টাকা কেজিতে ১ টনই বিক্রি হচ্ছে না। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, বর্তমানে বাজারে দেশি পেঁয়াজের দাম ৮০-৯০ টাকা। আবাদের দেশি পেঁয়াজ বাজারে এসেছে তাই আমাদের পেঁয়াজের চাহিদা কমে গেছে।
টিসিবির পেঁয়াজ ক্রেতা শারমীন মাহমুদ বলেন, বাজারে এখন দেশি পেঁয়াজ কম দামে পাওয়া যাচ্ছে। এই পেঁয়াজের চাইতে দেশি পেঁয়াজ অনেক ভালো। বাসায় যাওয়ার পথে এখানে পেলাম তাই দুই কেজি কিনলাম। এই পেঁয়াজগুলো ভালো না, ৩-৪ দিন বাসায় রাখলেই পঁচে যায়।
গত সেপ্টেম্বর মাসে ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় দেশে পেঁয়াজের সঙ্কট দেখা দেয়। হঠাৎ করেই ৩০-৪০ টাকা কেজির পেঁয়াজ ২৫০-২৮০ টাকায় বিক্রি হয়। এ সময় ভোক্তাদের মাঝে পেঁয়াজের চাহিদা পূরণ করার জন্য টিসিবি ভ্রাম্যমাণ গাড়িতে ৪৫ টাকা কেজিতে বিক্রি করে পেয়াজ। বরিশাল পেয়াজ পট্রির আড়ত মালিক কে.এম. এনায়েত হোসেন বলেন, বাজারে দেশি পেয়াজ পর্যাপ্ত পরিমানে আসতে শুরু করায় দামও কমে এসেছে। বর্তমানে এখানে দেশি পেয়াজ ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে তাই টিসিবির পেয়াজের কদর কমেগেছে।
