টেস্টে অ্যান্ডারসনের কীর্তি
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯, ০৯:২০ এএম
ক্রিকেট মাঠে কোন দল জিতল বা হেরে গেল এমন খবর পাঠক প্রতিদিনই পড়েন। তবে কোনো খেলোয়াড় রেকর্ড বা ইতিহাস গড়েছেন এমন শিরোনাম দেখলেই নড়েচড়ে বসেন ক্রিকেটপ্রেমীরা। গতকাল সুপার স্পোর্ট পার্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নেমে ইতিহাসই গড়েছেন দুর্দান্ত ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। এমনকি তার আগে টেস্ট ক্রিকেটে এমন মাইলফলক ছুঁতে পারেননি আর কোনো পেস বোলার। গতকাল নিজের ক্যারিয়ারে অ্যান্ডারসন খেলেছেন ১৫০তম টেস্ট। সেইসঙ্গে ক্রিকেটের ইতিহাসে ১৫০ টেস্টের মর্যাদার ক্লাবে নিজের নাম তুলেছেন ইংলিশ পেসার। ৩৭ বছর বয়সী অ্যান্ডারসনই এই তালিকায় প্রথম। মজার বিষয় হলো এমন অর্জনের দিনে খালি হাতে মাঠ ছাড়েনি। নিজের প্রথম বলেই সাজঘরের পথ দেখিয়ে দিয়েছেন প্রোটিয়া ওপেনার ডিন এলগারকে। তবে সবমিলিয়ে ১৫০ টেস্টের মাইলফলক ছোঁয়া নবম ক্রিকেটার অ্যান্ডারসন। কারণ এই এলিট ক্লাবে আছেন শচিন টেন্ডুলকার, স্টিভ ওয়াহ, জ্যাক ক্যালিসদের মতো ক্রিকেটাররা। তবে টেস্ট ক্রিকেট ইতিহাসে ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচিন সবচেয়ে বেশি ২০০ ম্যাচ খেলেছেন।
এর আগে ইনজুরির কারণে অনেকটা সময় মাঠের বাইরে ছিলেন ইংল্যান্ডের তারকা পেস বোলার অ্যান্ডারসন। গত আগস্টে অ্যাশেজে ইংল্যান্ডের হয়ে প্রথম টেস্ট খেলার পর আর মাঠে দেখা যায়নি ডানহাতি এই পেসারকে। ওই টেস্টে চার ওভার বোলিং করেই ছিটকে পড়েন অ্যান্ডারসন। তারপর খেলতে পারেনি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ।
তবে যাইহোক, এবার প্রোটিয়াদের বিপক্ষে সেঞ্চুরিয়ান টেস্টে প্রত্যাবর্তনে অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন তিনি। সেই সঙ্গে বল হাতে শুরুটাও হলো দারুণ। এ পর্যন্ত ১৫০ টেস্টে বল হাতে ৫৭৬টি উইকেট শিকার করেছেন অ্যান্ডারসন।
এছাড়া পেসারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট খেলার রেকর্ডটি দখল করেছেন অ্যান্ডারসনেরই সঙ্গী স্টুয়ার্ট ব্রডের। দেশের হয়ে ১৩৫টি টেস্ট খেলেছেন এই পেসার। তার পরের অবস্থানটি ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশের, খেলেছেন ১৩২টি টেস্ট।
