ভাড়াটিয়ার বাসায় শিশুর লাশ, হত্যাকাণ্ড নিয়ে রহস্য
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৬ পিএম
প্রতীকী ছবি।
রাজধানীর ভাটারা নতুন বাজার বারোবিঘা এলাকার নিজ বাসার পাশের একটি বাসা থেকে আয়েশা আক্তার ইয়াসফা (৬) নামের এক শিশুর লাশ পাওয়া গেছে। শিশুটির দুই হাত, পা বাঁধা ছিলে এবং মুখে কাপড় গুঁজে দেয়া ছিলো।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে শিশুটির পরিবার অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, শিশুটির বাড়ি শরিয়তপুর জাজিরা উপজেলার মুন্সিকান্দি গ্রামে। বাবা রাজধানীর শাহজাদপুরে কাপড় ব্যবসায়ী ইয়াসিন মোল্লা ও মা মরিয়ম বেগমের দুই সন্তানের মধ্যে ছোট আয়শা। নতুন বাজার সিকদার জামে মসজিদের পাশের নিজেদের বাড়িতে থাকতো। এলাকারই গুড নিবাস নামের একটি স্কুলের কেজি ক্লাস থেকে পাস করেছে সে। সব বিষয়েই ভালো নাম্বার পেয়েছে। টিনসেড ৭টি ঘর তাদেরই। ২টিতে নিজেরা থাকেন আর বাকি ৫টি ভাড়া দিয়েছেন।
শিশুটির বাবা ইয়াসিন জানান, তিনি সারাদিন ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। বিকেল ৫টার দিবে আয়শার মা তাকে ফোন দিয়ে জানায় আয়শাকে কোথাও খোঁজে পাওয়া যাচ্ছে না। পরে ইয়াসিনও বাসায় গিয়ে এলাকার বিভিন্ন জায়গায় খোঁজ করেন। এরপরও কোথাও পাওয়া যাচ্ছিলো না তাকে।
এক পর্যায়ে এলাকার মসজিদের মাইকিং করতে গিয়ে তখন ফোনে আবার শুনতে পারে পাশের ভাড়াটিয়াদের বাসায় তাকে পাওয়া গেছে। তাকে স্থানীয় মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পরে ওই হাসপাতালে গিয়ে আয়শাকে দেখতে পান।
শিশুটির মামা আলমগীর হোসেন জানান, তাদের পাশের বাসার ফ্লোরে পড়ে থাকতে দেখা যায় আশাকে। এসময় তার হাত পা রশি দিয়ে বাঁধা ছিলো। মুখের ভিতর কাপড় দেয়া ছিলো।
স্বজনরা জানান, ওই বাসাটি এক পরিবারের কাছে ভাড়া দেয়া হয়েছে। সে নিজে বাক প্রতিবন্ধী। দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে থাকেন। তাদের বাসার ভিতর থেকেই আয়শার লাশ পাওয়া গেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংশ্লিষ্ট ভাটারা থানায় বিষয়টি জানানো হয়েছে।
