শেখ রাসেল-মোহামেডান পয়েন্ট ভাগাভাগি
nakib
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯, ১০:০৯ পিএম
ফেডারেশন কাপের পরিবর্তিত সূচি অনুযায়ী একদিন বিরতির পর ডি-গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। শুরুতে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে উত্তর বারিধারাকে ২-১ গোলে হারিয়েছে। চলতি ফেডারেশন কাপে নিজেদের প্রথম জয় পেল আবদুল কাইউম সেন্টুর শিষ্যরা। আর এতে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে খেলার আশা বেঁচে রইল মুক্তিযোদ্ধা সংসদের। দিনের অন্য ম্যাচে একই গ্রুপে থাকা শেখ রাসেল ও মোহামেডানের মধ্যকার ম্যাচে গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে। এর ফলে ডি-গ্রুপ থেকে তিন দলের পয়েন্ট সমান হওয়ায় শেখ রাসেল, মোহামেডান এবং মুক্তিযোদ্ধারও কোয়ার্টার ফাইনালের সম্ভাবনা জিইয়ে রইল। ২৮ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে চ‚ড়ান্ত হবে কোন ২ দল যাচ্ছে শেষ আটে।
আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচের ১৪ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল মুক্তিযোদ্ধা। পেনাল্টি বক্সের মধ্যে গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন মুক্তিযোদ্ধার ক্যামেরুনের স্ট্রাইকার বিয়াগা এমিলি। ৩০ মিনিটে সুযোগ পেয়েছিল উত্তর বারিধারাও। ডার্বো ল্যান্ডিংয়ে শট খুব সহজেই ফিরিয়ে দেন উত্তর বারিধারা গোলরক্ষক। তবে ৪০ মিনিটে ঠিকই সাফল্যের দেখা পায় উত্তর বারিধারা। নয়নের বাড়িয়ে দেয়া বল পেনান্টি বক্সের ভেতরে পেয়ে যান আরিফ এবং তার কাছ থেকে পান বারিধার বিদেশি রিক্রুট ল্যান্ডিং ডারবোয়ে। ঠান্ডা মাথায় দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে ডান পায়ের শটে বল জালে পাঠান এই গাম্বিয়ান স্ট্রাইকার।
পিছিয়ে পড়ে সমতায় ফিরতে জোর চেষ্টা চালায় মুক্তিযোদ্ধা। তবে হতাশ হয়নি তারা। প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ মিনিটে সমতা ফেরে দলটি। পেনাল্টি বক্সের ডান দিকে থেকে সারোয়ার জামান নিপুর ক্রস থেকে দারুল প্লেসিং শটে গোল করেন মুক্তিযোদ্ধার ক্যামেরুনের ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা। ফলে ১-১ গোলে সমতায় শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল মুক্তিযোদ্ধা। ৫৮ মিনিটে বাঙ্গুরার পাস থেকে গোললাইনের খুব কাছে বল পান মুক্তিযোদ্ধার জাপানি অধিনায়ক নিরিতো হাসহিগুচি। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন তিনি। ৬৪ মিনিটে বাঙ্গুরা আরো একটি সুযোগ পেয়েছিলেন, কিন্তু সেটাও কাজে লাগাতে পারেননি।
এরপর দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। মাহাদী হাসান রয়েলের থ্রু পাস আয়ত্তে নিয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন জাপানি মিডফিল্ডার নোরিতো। পেনাল্টি বক্সের সামান্য ভেতর থেকে নেয়া শট উত্তর বারিধারা গোলরক্ষক আজাদ ঝাঁপিয়ে পড়েও আটকাতে পারেননি। এরপর বাকিটা সময় উত্তর বারিধারা আর সমতায় ফিরতে না পারলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র।
নিজেদের প্রথম ম্যাচে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১-১ ড্র করেছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট মুক্তিযোদ্ধার। আর একই সঙ্গে টানা দ্বিতীয় হারে ফেডারেশন কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় ঘণ্টাও বেজে গেছে তাদের। নিজেদের প্রথম ম্যাচে ১-০ গোলে শেখ রাসেল ক্রীড়াচক্রের বিপক্ষে হেরেছিল আলফাজ আহমেদের শিষ্যরা। বিদায় নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচটি তাদের জন্য কেবলই নিয়মরক্ষার।
পূর্ণ পয়েন্ট পেয়ে স্বভাবতই উচ্ছ¡সিত মুক্তিযোদ্ধা কোচ আবদুল কাইয়ুম সেন্টু, আমরা ৩ পয়েন্ট পেয়েছি। খুব ভালো লাগছে। শুরুতে গোল হজম করতে হয়েছে। তবে ঘুরে দাঁড়িয়ে আমরা ম্যাচ জিতেছি। এখন শেষ ম্যাচ ভালো করে নকআউট পর্বে যেতে চাই।
বারিধারা কোচ আলফাজ আহমেদ টানা দুই ম্যাচ হেরে বিষণ্ন। অবশ্য এই প্রতিযোগিতা থেকে শিক্ষা নিতে চাইছেন তিনি, ফেডারেশন কাপের অভিজ্ঞতা আমাদের লিগে কাজে দেবে। আগেই বলেছি, ফেডারেশন কাপে আমাদের কোনো লক্ষ্য নেই।
