ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইমপ্রেসের ৩ সিনেমা
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯, ১১:৫৩ এএম
আগামী ১১ জানুয়ারি ১৮তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২০-এর পর্দা উঠতে যাচ্ছে। প্রতিবারের মতো এবারো নানা আয়োজনে মুখর থাকবে এই চলচ্চিত্র উৎসব। উৎসবে ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে দেখানো হবে মোট ১১টি চলচ্চিত্র। এর মধ্যে রয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ৩টি চলচ্চিত্র। নাসির উদ্দিন ইউসুফ নির্মিত আলফা, তৌকীর আহমেদ পরিচালিত ফাগুন হাওয়া এবং ১১ তরুণ নির্মাতার পরিচালনায় বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’। এর মধ্যে ‘আলফা’ ও ‘ইতি, তোমারই ঢাকা’ বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হয়েছে এবং চলতি বছরে অস্কারে ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে নাসির উদ্দিন ইউসুফের ‘আলফা’। রাজধানীর ছয়টি ভেন্যু অলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেন্ট্রাল পাবলিক লাইব্রেরি অডিটোরিয়াম, মধুমিতা সিনেমা হল, জাতীয় জাদুঘর অডিটোরিয়াম ও স্টার সিনেপ্লেক্সে ছবিগুলো দেখানো হবে। এবারের চলচ্চিত্র উৎসবের মূল প্রতিপাদ্য ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’। ১৮তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২০-এর পর্দা নামবে ১৯ জানুয়ারি। উৎসবের আয়োজক রেইনবো চলচ্চিত্র সংসদ। উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল জানান, এই আসরে বাংলাদেশ প্যানারোমা ছাড়াও ৭টি বিভাগে এ বছর মোট ৭০টি বেশি দেশ থেকে অন্তত ২০০টির মতো চলচ্চিত্র দেখানো হবে। ওয়েস্ট মিটস ইস্ট, উইমেন কনফারেন্সের বিভিন্ন বিভাগে থাকবে চলচ্চিত্র নিয়ে মতবিনিময় সভা।
