বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ০৭:০৪ পিএম
সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। ছবি : সংগৃহীত
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। পাশাপাশি রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার (১৪ অক্টোবর) দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।
আরো বলা হয়েছে, সোমবার সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে। এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আগামীকাল মঙ্গলবার দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে, রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী বুধবারও সারাদেশে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়েও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলেছে, এই সময়ে সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় (আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত) সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরের ডিমলায় ২৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনার মোংলায়, ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস।
আরো পড়ুন : পরবর্তী ৩ দিন আবহাওয়া যেমন থাকবে
