যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের পরিকল্পনা, শঙ্কিত বাংলাদেশিরা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৭:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া বিষয়ে নতুন সিদ্ধান্তের ঘোষণা আসার পর বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীরা দুশ্চিন্তায় পড়েছেন। যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন দেশে জন্ম নেওয়া শিশুদের স্বয়ংক্রিয় নাগরিকত্বের বিধান বাতিল করার পরিকল্পনা করেছে।
৭ নভেম্বর (বৃহস্পতিবার) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নির্বাচনে জয়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এই বিধান বাতিলের ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের প্রচারাভিযানের ওয়েবসাইটে জানানো হয়েছে, নতুন প্রশাসন দায়িত্ব নেয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া শিশুদের স্বয়ংক্রিয় নাগরিকত্বের অধিকার বাতিল করা হবে। পরিবর্তে, যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া শিশুর নাগরিকত্ব পেতে হলে তার পিতা বা মাতার অবশ্যই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অথবা বৈধ বসবাসের অনুমতি থাকতে হবে।
এছাড়া, নতুন নির্দেশনায় বলা হয়েছে, শুধু সেই শিশুদেরই নাগরিকত্ব দেয়া হবে যাদের পিতা বা মাতার কোনো একজন যুক্তরাষ্ট্রের নাগরিক অথবা বৈধ বাসিন্দা। এই নির্দেশনা শিগগিরই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলোর কাছে পাঠানো হবে এবং ২০ জানুয়ারি, ২০২৫ থেকে এটি কার্যকর হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।
অভিবাসন আইনজীবীরা ট্রাম্পের এই সিদ্ধান্তকে মার্কিন সংবিধানবিরোধী বলে মন্তব্য করেছেন। বিশেষ করে, মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনীর বিপরীতে এই সিদ্ধান্ত নেওয়া হলে, সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে জানিয়েছেন তারা। অভিবাসন আইনজীবী গ্রেগ সিসকাইন্ড বলেন, "এটি সরাসরি ১৪তম সংশোধনীর লঙ্ঘন, যার ফলে এমন সিদ্ধান্ত নেওয়া হলে তা চ্যালেঞ্জ করা হতে পারে।"
পিউ রিসার্চ সেন্টারের ২০২২ সালের শুমারি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যা ৩৩৪.৯ মিলিয়ন বা ৩৩৪ কোটি ৯০ লাখ, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বৈধ ও অবৈধ অভিবাসী রয়েছেন। এই অভিবাসীদের মধ্যে বাংলাদেশের অনেক নাগরিকও রয়েছেন, যারা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বা গ্রিনকার্ড অর্জনের লক্ষ্যে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগটি ব্যবহার করেন।
