সেমিতে মুখোমুখি উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি : সংগৃহীত
কাগজ ডেস্ক : ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ ফুটবলের চতুর্থ দল হিসেবে গতকাল শেষ চারের টিকেট নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে অমীমাংসিত থাকার পর টাইব্রেকারে যুক্তরাষ্ট্র জয় পায়। এর আগে আরেক কোয়ার্টার ফাইনালে স্পেনকে ১-০ গোলে হারিয়ে সেমিতে জায়গা করে নিয়েছে উত্তর কোরিয়াও। আজ রাতেই প্রথম সেমিতে মুখোমুখি হবে দুদল। অন্য সেমিতে ডাচ নারীরা মুখোমুখি হবে জাপান অনূর্ধ্ব-২০ নারী দলের। ম্যাচটি হবে আগামীকাল সকালে।
যুক্তরাষ্ট্র্রের বিপক্ষে নিজেদের হতভাগাই বলতে হয় জার্মানির মেয়েদের। হাতের নাগালে থাকা ম্যাচ থেকে ছিটকে পড়ার বিরল নজির গড়েছেন তারা। শেষ কোয়ার্টার ফাইনালে গতকাল গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৬১ মিনিটে গোল করে জার্মানদের এগিয়ে নেন কোরা নিভেনা জিকাই। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লোরেন বেন্ডার দ্বিতীয় গোল করলে জয় কেবল সময়ের ব্যাপার ছিল জার্মানি নারী অনূর্ধ্ব-২০ দলের। সেখান থেকে যোগ করা সময়ের আট মিনিটে জর্ডিন ডাডলি ও নবম মিনিটে জেলা ভেইটের আত্মঘাতী গোলে সমতায় ফিরে সবাইকে চমকে দেয় মার্কিন মেয়েরা। ম্যাচের গতি নিজেদের দিকে করে নিয়ে পেনাল্টিতেও জিতে নেয় তারা। অপর কোয়ার্টারে ব্রাজিলের বিপক্ষে উন-ইয়ং চায়ের একমাত্র গোলে জয় পায় কোরিয়ান মেয়েরা। স্পেনের বিপক্ষে অতিরিক্ত সময়ের ১০২ মিনিটে হিরোমি ইয়োনেদার একমাত্র গোলে জয় পায় জাপান। কলম্বিয়াকে টাইব্রেকারে হারানো নেদারল্যান্ডসের মেয়েদের বিপক্ষে মাঠে নামবে তারা। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টা ৩০ মিনিটে মাঠে নামবে তারা।
এর আগে অবশ্য মার্কিন মেয়েদের বিপক্ষে রাত সাড়ে ৩টায় মাঠে নামবে উত্তর কোরিয়া নারী অনূর্ধ্ব-২০ দল। ২২ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। আগেরদিন টুর্নামেন্টের স্থান নির্ধারণী খেলা মাঠে গড়াবে।
যুক্তরাষ্ট্রের কাছে হারের ফলে ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে সফল দল জার্মানির বিদায় হয়েছে। এ দলটি তিনবার শিরোপা জয় করেছে। তবে ২০১৪ সালের পর আর শিরোপার দেখা পায়নি দলটি। অথচ আগের ১০ বছরে তারা তিনবার শিরোপা জয় করে। ?যুক্তরাষ্ট্রেরও শিরোপার সংখ্যা তিন। তারাও ১০ বছরে (২০০২, ২০০৮, ২০১২) তিনবার শিরোপা জয় করে। এরপর রয়েছে উত্তর কোরিয়া দুইবার, জাপান ও স্পেন একবার করে শিরোপা জয় করেছে।
