সিংড়ায় জিআই পণ্য মেলা
দেশে-বিদেশে প্রদর্শিত পণ্যের চাহিদা বাড়াবে
প্রকাশ: ১২ মে ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক, নাটোর : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের জিআই পণ্যসহ বিভিন্ন ডিজিটাল পণ্যের প্রদর্শন ও দেশে ও বিদেশে চাহিদা তৈরির জন্যই নাটোরের সিংড়ায় চলনবিলের প্রাণকেন্দ্রে এই প্রথম জিআই পণ্য মেলার আয়োজন করা হলো।
এর মধ্যে নাটোরের কাঁচাগোল্লা, দিনাজপুরের লিচু, বগুড়ার দই, চাঁপাইনবাবগঞ্জের আম, টাঙ্গাইলের চমচমসহ বিভিন্ন জিআই পণ্য রয়েছে। তিনি গতকাল শনিবার দুপুরে নাটোরের সিংড়ায় উপজেলা কোর্ট মাঠে দেশের প্রথম জিআই পণ্য ভিত্তিক মেলা ‘ডিজিটাল স্মার্ট ভিলেজ এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
‘গ্রাম থেকে বিশ্বে’ এই সেøাগানকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় অংশগ্রহণকারী ইভা রহমান, শাবানা ইসলাম, কনিকা কুন্ডু, কাকলি তালুকদার, এস এম লিজাসহ নারী উদ্যোক্তারা বলেন, মেলার আয়োজন করায় তারা খুব খুশি। এর কারণ হলো, গ্রামের নারী উদ্যোক্তারা যেসব পণ্য তৈরি করেন তা জানান দিতে পারতেন না। মেলায় সে সুযোগটি পেয়েছেন তারা। এটা একটা নারী উদ্যোক্তা মেলা। এর মাধ্যমে নারীরা যে সুন্দর হাতের কাজ জানেন। সুন্দর জিনিস তৈরি করেন। এ সম্পর্কে সবাইকে দেখাতে ও জানাতে পারছেন। এ ধরনের মেলা মাঝেমধ্যে হলে তারা উৎসাহিত হবে। আনিকা, জেসমিনসহ দর্শকরা জানান, এই মেলায় এসে তাদের অনেক ভালো লাগছে। তারা অনেক পণ্য সম্পর্কে জানতে পারছেন। দেশিয় সংস্কৃতি সম্পর্কেও তারা জানতে পারবেন। আয়োজক ডিজিটাল পল্লীর ভাইস প্রেসিডেন্ট জাহেদুল জামান সাইদ বলেন, প্রান্তিক পর্যায়ে যেসব উদ্যোক্তারা আছেন তাদের ও তাদের তৈরি জিনিসগুলো তুলে নিয়ে আসা যায় এবং রাজধানীসহ দেশে ও দেশের বাইরে নিয়ে যেতে পারে, বেচতে পারে, সেই জায়গাটা নিয়ে তারা কাজ করছেন। নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঞা উদ্বোধনী অনুষ্ঠান সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ই-ক্যাবের পরিচালক আবদুল ওয়াহেদ তমাল, এসএসএল ওয়্যারলেসের সিওও ইফতেখার আলম ইসহাক, দারাজের সিওও খন্দকার তাসফিন আলম, ই-ক্যাবের সাধারণ সম্পাদক নাসিমা আক্তার নিশা, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ প্রমুখ।
