×

শেষের পাতা

নারায়ণগঞ্জে ব্যাপক ধ্বংসযজ্ঞ ক্ষতি শত কোটি টাকা

Icon

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জে ব্যাপক ধ্বংসযজ্ঞ ক্ষতি শত কোটি টাকা

অনতু রেজা, নারায়ণগঞ্জ থেকে : দেশে কোটা সংস্কার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। এতে নারায়ণগঞ্জ যেন এক বিধ্বস্ত নগরীতে পরিণত হয়েছে। নাশকতার আগুনে পুড়ে গেছে বহু স্থাপনা। ভাঙচুর চালানো হয় অর্ধশতাধিক সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানে। এসব নাশকতায় ক্ষতি হয়েছে শত কোটি টাকার বেশি।

কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৮, ১৯ ও ২০ জুলাই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ভবন, পুলিশের স্থাপনা, পাসপোর্ট অফিস, যানবাহনসহ বেশ কিছু সরকারি- বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটেছে প্রাণহানির ঘটনাও।

জানা গেছে, গত ১৯ জুলাই সন্ধ্যায় এবং দ্বিতীয় দফায় ২০ জুলাই বিকেলে সাইনবোর্ড এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে সরবরাহের অপেক্ষায় থাকা প্রায় সাড়ে ৭ হাজার পাসপোর্ট পুড়ে যায়। এ ছায়া কয়েক হাজার নতুন আবেদনের কাগজ ও কম্পিউটারসহ নানা সরঞ্জাম পড়ে যায়।

ক্ষয়ক্ষতি সম্পর্কে আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মাহমুদুল হাসান বলেন, অগ্নিসংযোগের ঘটনায় ঢাকা কার্যালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। এ ঘটনায় ফতুল্লা থানায় নাশকতা আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।

একই দিন জালকুড়িতে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়েও আগুন লাগানো হয়। ভবনটির মূল ফটকের ভেতরে অগ্নিসংযোগের ক্ষতচিহ্ন, জানালার কাচ ভাঙা রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে মূল ভবনও।

গত ২১ জুলাই বিকালে শিমরাইল এলাকায় ডাচ্-বাংলা ব্যাংক ও হাইওয়ে পুলিশের অস্থায়ী কার্যালয়ের ভবনে অগ্নিসংযোগ করা হয়।

ভবনটির প্রথম তলায় গাড়ির টায়ার, বিদ্যুতের ক্যাবল, রং ও সাইকেলের দোকান ছিল। দ্বিতীয় তলায় ডাচ্-বাংলা ব্যাংক ও তিন তলায় চাইনিজ রেস্টুরেন্ট। পঞ্চম তলায় হাইওয়ে পুলিশের অস্থায়ী কার্যালয়।

দুর্বৃত্তরা ভবনটির নিচ তলার দোকান, দ্বিতীয় তলায় ডাচ্-বাংলা ব্যাংক ও তৃতীয় তলায় চাইনিজ রেস্টুরেন্টে আগুন দেয়। এ সময় ব্যাংকের ভেতরে ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ করা তিন শ্রমিক নিহত হন। আহত হন দুই নিরাপত্তারক্ষীসহ ১১ শ্রমিক। ২২ জুলাই সকালে ব্যাংকের পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- সেলিম প্রধান, আব্দুস সালাম ও সোহেল।

গত ১৮ জুলাই দুুপুর ১২টায় নারায়ণগঞ্জের চাষাড়ায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের একটি ভ্যানে অগ্নিসংযোগ করা হয়। নারায়ণগঞ্জ ক্লাব ভবনেও হামলা করা হয়। ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথ ভেঙে লুট করা হয় টাকা। ভাঙচুর চালানো হয় ক্লাবের রিসিপশন কক্ষ, কম্পিউটার, ক্যাশ ক্যাবিনেট, ব্যক্তিগত গাড়ি।

একই দিন বিকালে সাইনবোর্ড এলাকায় পিবিআইয়ের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। এতে কার্যালয়টির ব্যাপক ক্ষতি হয়। গত ১৯ জুলাই সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ভবনে হামলা চালানো হয়। গ্যারেজে থাকা কয়েকটি জিপ এবং লরিতে আগুন দেয়া হয়। দুমড়ে মুচড়ে উপরে ফেলা হয় বহু বিদেশি গাছ।

ওইদিন বেলা পৌনে ৪টার দিকে চাঁদমারী এলাকায় শীতল পরিবহনের ডিপোতে আগুন দিয়ে ২৪টি শীততাপ নিয়ন্ত্রিত যাত্রীবাহী বাস পুড়িয়ে দেয়া হয়।

এছাড়া শহরের দুই নম্বর গেটে জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয় এবং ১৬নম্বর ওয়ার্ড কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা জানান, নাশকতার ঘটনায় জেলার থানাগুলোতে এ পর্যন্ত ২৭টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৫১২ জনকে। এর মধ্যে গতকাল রবিবার গ্রেপ্তার হয় ২৫ জন।

পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, নাশকতার ঘটনায় আদালতে ৭ জন স্বীকারোক্তি দিয়েছেন। এসব ঘটনায় আরো মামলা হবে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদের দিন সারাদেশে সড়ক দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু

ঈদের দিন সারাদেশে সড়ক দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু

কোরবানি দিতে গিয়ে সারাদেশে অন্তত ৫৭৬ জন জখম

কোরবানি দিতে গিয়ে সারাদেশে অন্তত ৫৭৬ জন জখম

আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে আসামি করে মামলা

আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে আসামি করে মামলা

দেশের ৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App