তালতলীতে নদী রক্ষায় নৌ র্যালি ও মানববন্ধন
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
তালতলী (বরগুনা) প্রতিনিধি : সর্বত্র কয়লার ব্যবহার বন্ধ, শতভাগ নবায়নযোগ্য জ¦ালানি, কয়লা দূষণ বন্ধ, পায়রা নদীর রক্ষা- এসব দাবিতে বরগুনার তালতলীতে নৌ র্যালি ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
গতকাল শুক্রবার সকালে জলবায়ু ন্যায্যতার জন্য বিশ্বব্যাপী আন্দোলনের অংশ হিসেবে ‘এশিয়া ডে অব অ্যাকশন কর্মসূচি’ উপলক্ষে উপজেলার খোট্টারচর এলাকায় তাপ বিদ্যুৎকেন্দ্রের সামনে ‘ওয়াটারকিপার্স বাংলাদেশ’, ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং ‘পায়রা নদী ইলিশ রক্ষা কমিটি’র আয়োজনে এই নৌ র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচিতে দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা কয়লাবিরোধী সেøাগান সম্বলিত নানা রঙের প্ল্যাকার্ড এবং ফেস্টুন প্রদর্শন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বরিশাল ৩০৭ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লা ধোয়া বর্জ্য পায়রা নদীতে ফেলার কারণে নদীতে ইলিশ কমে যাচ্ছে।
এছাড়া নির্গত কালো ধোঁয়ায় টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্যের জীববৈচিত্র্যসহ এলাকার মানুষের কৃষি ও স্বাস্থ্যঝুঁকি রয়েছে। তাই অবিলম্বে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রসহ সব কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিল করতে হবে এবং পরিচ্ছন্ন নবায়নযোগ্য জ¦ালানির বিকল্পগুলোতে বিনিয়োগসহ কয়লা নির্ভরতার অবসান কেবল পরিবেশের জন্যই নয়, এই অঞ্চলের জনস্বাস্থ্য এবং আর্থসামাজিক স্থিতিশীলতার জন্যও গুরুত্বপূর্ণ।
এ সময় বক্তব্য রাখেন- শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত রক্ষা কমিটির সমন্বয়ক জাহাঙ্গীর মিয়া, তেঁতুলবাড়িয়া নদী ভাঙন রক্ষা কমিটির সমন্বয়ক শাহজাহান শেখ, পয়রা নদী ইলিশ রক্ষা কমিটির সমন্বয়ক সুলতানা আহমেদ, ওয়াটারকিপার্স বাংলাদেশ (তালতলী-আমতলী) উপজেলা সমন্বয়ক আরিফ রহমান, পরিবেশকর্মী মোস্তাফিজ, ইমরান হোসেন প্রমুখ।
