রাজনীতিতে পরিবারতন্ত্র
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০, ১২:১৪ পিএম
দেশের প্রধান দুই দলের তৃণমূলে যে পরিবারতন্ত্র ক্রমে প্রসারিত ও শক্তিশালী হচ্ছে তা কিন্তু ভুলে যাওয়া হচ্ছে না। দুই দলেই দেখা যাচ্ছে এমপি ও জনপ্রতিনিধি কারো মৃত্যু হলে কিংবা অবসর নিলে স্ত্রী, পুত্র, ভাই বা আত্মীয় প্রার্থী হয়ে যাচ্ছে। যারা পরিবারের কারণেই কেবল এক ধাক্কায় পদ-পদবি পাচ্ছেন, তারা কখনো গণতন্ত্র চাইতে পারে না। দল যদি গড়ে না ওঠে গঠনতন্ত্র অনুযায়ী গণতন্ত্রের ভিত্তিতে তবে দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারে না।
কাচের ঘরে বসে ঢিল মারলে বিপদ হতে পারে এটা সবারই জানা। ‘আওয়ামী লীগে পরিবারতন্ত্র চলছে’ বলে ঠিক সেই ধরনেই একটা ঢিল মেরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৫ জানুয়ারি তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ একটা পরিবারের হয়ে যাচ্ছে। সিটি করপোরেশন নির্বাচনে পরিবারের সদস্যকে মনোনয়ন দেয়া হয়েছে, সংগঠনগুলোর নেতৃত্বেও পরিবারের লোকজন। এ অবস্থার পরিবর্তন আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’ এই কথাগুলো ‘সুঁইকে ঝাঝরি বলে, তোর পেছনে ফুটো’ প্রবাদটাকে স্মরণ করিয়ে দেয়।
আসলে বিএনপির ঘাড়ে পরিবারতন্ত্র ভালোভাবেই জেঁকে বসে আছে। এটা কার না জানা যে, বিএনপিতে যোগ দেয়া কিংবা পদ পাওয়ার আগেই জিয়া-খালেদা জিয়ার পুত্র তারেক জিয়া দলের ভেতরে কর্তৃত্বপূর্ণ অবস্থান নেন। এই সুযোগ্য পুত্রটি ‘ছেঁড়া গেঞ্জি আর ভাঙা সুটকেস’-এর কাহিনীকে গল্পে পরিণত করে ১৯৯১-৯৬ সালে মায়ের শাসনামলের সুযোগ নিয়ে বিশাল ধনসম্পদের মালিক বনে যান। এরপর ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক প্রচারে সঙ্গে রেখে ছেলেকে এমনভাবে প্রজেক্টেড করতে থাকেন যে, ছেলেই হচ্ছেন দলে আগামী দিনের নেতা ও প্রধানমন্ত্রী। তখন তার বয়স মাত্র ৩৪ বছর। প্রবাদ বলে সকালই বলে দেয় দিনটা কেমন যাবে। শিক্ষা, আচার-ব্যবহার ও স্বভাবের দিক থেকে তার বায়োডাটা একবারেই ভালো ছিল না। এতদসত্তে¡ও তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
দলের কেউ বা নেতা না হয়েও প্রথম থেকেই রাজনীতিতে নাবালক তারেক তার পিতার সহযোগী বিএনপির প্রতিষ্ঠাতা ও বর্ষীয়ান নেতাদের সঙ্গে অসম্মানজনক ব্যবহার করতে থাকেন। এর প্রথম বলি হন তখনকার রাষ্ট্রপতি ড. বদরুদ্দোজা চৌধুরী। তারই ধারাবাহিকতায় ২০০২ সালে হঠাৎ করে সম্মেলন নয়, স্থায়ী কমিটির সিদ্ধান্তের ভেতর দিয়ে নাটক করে তিনি বিএনপি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে নিয়োগ পান। এই পদে অধিষ্ঠিত হয়েই তিনি প্রধানমন্ত্রীর সরকারি অফিসকে দলীয় অফিসের অধীনস্থ করে ফেলেন এবং দলীয় অফিস ‘হাওয়া ভবন’কে দুর্নীতি-লুটপাট-সন্ত্রাসসহ সব অনৈতিক কাজের কেন্দ্রে পরিণত করেন। অনৈতিকতা ও অসভ্যতার আখড়া ‘খোয়াব ভবন’ তারই সৃষ্টি। বিদ্যুৎ উৎপাদন না হয়ে খুঁটি হওয়া, বিমানের জ্বালানি কেরাসিন হওয়া প্রভৃতি দুর্নীতির কিচ্ছাকাহিনী তারই কীর্তির ফসল। ‘বাংলা ভাই’ ও মুফতি গংয়ের উত্থান আর বোমা-গ্রেনেডবাজি করে আওয়ামী লীগ নেতা-বুদ্ধিজীবীদের ফিনিশ করে দেয়া হচ্ছিল তারই উসকানিতে।
জামায়াতকে ‘আত্মার আত্মীয়’ করে এই নেতাই রাজাকার-আলবদরদের বাড়িতে-গাড়িতে শহীদদের রক্তরঞ্জিত জাতীয় পতাকা তুলে দিয়েছিল। এমনকি আন্তর্জাতিক সন্ত্রাসী ডন ইব্রাহীমকে এই নেতা বাংলাদেশের রাজনীতিতে নাক গলানোর সুযোগ করে দেন। ‘টু ইন ওয়ান’ তথা রাষ্ট্রপতি ও তত্ত¡াবধায়ক সরকার প্রধান ড. ইয়াজউদ্দিনকে পুতুল হিসেবে বসিয়ে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর ব্যবস্থা সম্পন্ন করে এই নেতাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় শেষ পেরেকটি পুঁতে দিয়েছিলেন। এসব কাজে এই নেতাটি অত্যন্ত পারদর্শী ছিলেন বলেই উইকিলিক্সের ফাঁস করা ঢাকাস্থ আমেরিকান অ্যাম্বাসির রিপোর্ট থেকে দেশবাসী জানতে পারে, বিএনপির দুই নম্বর এই নেতা হলেন, ‘গুরুতর রাজনৈতিক দুর্নীতির জন্য দোষী’। বিএনপি তথা চারদলীয় জোটের এই নেতাটিকে দেশে-বিদেশের সবাই ঘৃণা করে, কেউ পছন্দ করে না। বহু মামলার আসামি হয়ে ‘পিটুনি খেয়ে’ অলিখিত মুচলেকা দিয়ে মায়ের দেনদরবারে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর এই নেতা দেশত্যাগ করেন।
গণবিচ্ছিন্নতা-হতাশা-অকার্যকারিতা-অন্তর্দ্বন্দ্বে জর্জরিত হয়ে বিএনপির আজ যে দুরবস্থার মধ্যে রয়েছে, তার জন্য যে ‘ভাইয়া’ দায়ী এটা সবার জানা! তবুও বিএনপি এই নেতাকে ঘাড় থেকে নামাতে পারছে না। বরং তাকে ২০০৯ সালের সম্মেলনে বিদেশে থাকা সত্তে¡ও প্রমোশন দিয়ে সিনিয়র ভাইস চেয়ারপারসন বানিয়েছে। এখন তিনি পলাতক সত্তে¡ও দলের এক নম্বর নেতা। ‘কয়লা ধুলেও ময়লা যায় না’ প্রবাদটা ইতোমধ্যে প্রমাণ করেছেন তারেক জিয়া। মা জেলে আর দল বিধ্বস্ত থাকা সত্তে¡ও বিগত নির্বাচনে লন্ডনে বসে তারেক জিয়া মনোনয়ন বাণিজ্য ও পরে স্কাইপিতে ইন্টারভিউ নিয়ে যে কাণ্ড করেছে, তা দস্যুতা ও মায়ের প্রতি ভালোবাসা পদদলিত করারই নামান্তর। তবু তিনিই দলের প্রধান। কারণ তিনি যে সুযোগ্য পুত্র!
সবশেষে প্রশ্ন হলো, অভিজ্ঞ রাজনীতিক ফখরুল ইসলাম আলমগীর কি বিএনপিতে পরিবারতন্ত্র জেঁকে বসার এসব কাহিনী জানেন বা বুঝেন না। ঢাকা মহানগরের দুই মেয়র প্রার্থী তো পরিবারতন্ত্রেই ফসল। তবু তিনি কেন কাচের ঘরে বসে ঢিল ছুড়লেন? পরিবারতন্ত্র সম্পর্কে এমন কথা হঠাৎই বললেন? এটা কার না জানা যে, খালেদা জিয়া জেলে, তারেক জিয়া পলাতক এবং দল বিধ্বস্ত থাকা সত্তে¡ও ধর্ম ও সাম্প্রদায়িকতা মিলিয়ে বিএনপি ধারার রাজনীতি ও রাজনৈতিক দলের একটা ভালো অবস্থান বাংলাদেশে রয়েছে। জামায়াত বা ইসলামী ঐক্যজোটের রাজনীতির সঙ্গে এই ধারা তেমন মিলে না। জনগণ ধর্ম নিয়ে উগ্রতা পছন্দ করে না। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া এবং ১৯৯১-৯৬ সালে খালেদা জিয়া এটা বুঝেই ক্ষমতা থেকে জামায়াতকে তফাতে রেখে ব্যবহার করেছিলেন। কিন্তু অর্বাচীন নেতা তারেক পিতা ও মায়ের সেই কৌশলকে পদদলিত করে ওই শক্তিকে বুকে টেনে নিয়েছিলেন। ফলাফল দেশবাসী তো বটেই এমনকি মির্জা ফখরুলদেরও অজানা নয়।
তাই বিগত নির্বাচনের আগে ফখরুলের নেতৃত্বে বিএনপি ড. কামালদের সঙ্গে ঐক্যজোট গঠন করে ওই ধারাকে আবারো দেশের ক্ষমতার রাজনীতিতে প্রাসঙ্গিক করতে চেয়েছিলেন। জামায়াত বাদে জোট এবং জামায়াতকে সঙ্গে রাখা- তখন এই মতপার্থক্যে বিএনপি দলে দুই ধারা মুখোমুখি দাঁড়িয়েছিল। বিএনপি জামায়াত ছাড়বে ফখরুল অংশের এই আশ্বাসে ড. কামাল ও তার সহযোগী দলগুলো বিএনপির সঙ্গে ঐক্য করেছিল। ড. কামাল তাই নির্বাচনের আগে বলেছিলেন, জামায়াত যে বিএনপির সঙ্গে থাকবে তা তিনি জানতেন না। কিন্তু মির্জা ফখরুলদের সেই কৌশল কার্যকরী হলো না কেন? সবারই এটা জানা লন্ডন প্রবাসী প্রধান নেতা তারেক এই কৌশল কার্যকর করতে ছাড়পত্র দেননি। এমনকি দল ও জোটের নির্বাচিত সবাই সংসদে যোগ দিলেও সংসদের ভেতরে-বাইরে সংগ্রাম করার চিরায়ত কৌশল বর্জন করে বিজয়ী ফখরুল সাহেবকে পদত্যাগ করতে হয়েছে। কৌশল কার্যকর করতে না পারা কিংবা পদত্যাগ করতে হয়েছে বিধায় ক্ষুব্ধ হয়ে কি তিনি দলে জগদ্দল পাথরের মতো বসে থাকা পরিবারতন্ত্রকে আঘাত করলেন? কাচের ঘরে বসে ঢিল ছুড়লেন? এমনটাই তো মনে হয়।
প্রসঙ্গত বলতেই হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উল্লেখিত দুই দলের নেতৃত্বে এসেছিলেন, তারেক জিয়ার চেয়ে ভিন্ন প্রক্রিয়ার ভেতর দিয়ে। ক্রেন দিয়ে টেনে তুলে তাদের কেউ নেতা বানাননি। শেখ হাসিনা দলের প্রয়োজনে রাজনীতিতে এসেছিলেন। বংশ ও রক্ত সম্পর্কে আমাদেরসহ বিশেষভাবে উপমহাদেশের গণমনস্তত্তে¡ যে বিশ^াস বা মোহ প্রোথিত রয়েছে, তাতেই তিনি নেতা হয়েছিলেন, এমনটা কিন্তু নয়। বঙ্গবন্ধু হত্যার পর জেলহত্যা এবং নেতারা সবাই খুনি মোশতাকের নেতৃত্বে মন্ত্রিত্ব নেয়ায় দলের দুরবস্থা ও ভাঙন দূর করতে নেতারাই শেখ হাসিনাকে ঐক্যের প্রতীক হিসেবে সভাপতির আসনে বসিয়েছিল। দলের প্রধান নেতা ও প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি নিজ গুণ দিয়ে ধারাবাহিকভাবে যোগ্যতা অর্জন করেন। সর্বোপরি ছাত্রাবস্থায় রাজনীতিতে সক্রিয় ও উদ্যমী পদচারণা ছিল তার।
পাকিস্তানি আমলে ষাটের দশকের গণজাগরণে তিনি জনপ্রিয় ছাত্রনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। এটা কার না জানা যে, তখন বিশেষভাবে ছাত্রীদের মধ্যে রুশপন্থি ছাত্র ইউনিয়নের ছিল একাধিপত্য। তবু তিনি ‘ছোট ইডেন’ কলেজের সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন। অভিজ্ঞতা থেকে বলি, আমরা নিশ্চিত ছিলাম ওই নির্বাচনে আমাদের সংগঠন ছাত্র ইউনিয়ন জিতবে। কিন্তু তখনকার ছাত্রী হিসেবে শেখ হাসিনা অপূর্ব সাংগঠনিক প্রতিভার স্বাক্ষর রেখে এবং ৬ দফাকে ছাত্রদের মধ্যে ‘মুক্তি সনদ’ হিসেবে প্রতিষ্ঠা করে নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। এরই ধারাবাহিকতায় রোকেয়া হলের ছাত্রলীগের সভাপতি হিসেবে গণঅভ্যুত্থানে ভ‚মিকা রেখেছেন। আইয়ুবের গোলটেবিলে যোগদানের জন্য প্যারোলে শেখ মুজিবের যোগদান করার পক্ষে যে শক্তিশালী লবি আওয়ামী লীগ ও ছাত্রলীগে দাঁড়িয়েছিল, জনগণের মুড বুঝে এই লবির বিরুদ্ধে তথাকথিত আগরতলা মামলায় পিতার ফাঁসি হতে পারে জেনেও বেগম মুজিবের সঙ্গে কন্যা ছাত্রনেত্রী শেখ হাসিনাও দাঁড়িয়েছিলেন। সাংগঠনিক প্রতিভা, রাজনীতির অভিজ্ঞতা, সাহস, দুরদর্শিতা প্রভৃতি গুণ তার মধ্যে তখনই বিদ্যমান ছিল।
১৯৭৫-৯৬ সময়কালে ‘আওয়ামী লীগের অবস্থা হবে মুসলিম লীগের মতো’ কিংবা ২০০১-০৮ সময়কালে ‘২১ বছর কেন ৫১ বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় বসতে পারবে না’- এসব ভবিষ্যদ্বাণীকে তিনি মিথ্যা প্রমাণ করতে পেরেছেন। পরিবার বলতে কাদের তিনি বুঝেন, তা বারবার চিহ্নিত করেছেন। ১১ বছর ক্ষমতায় থাকা সত্তে¡ও তিনি তার চিহ্নিত পরিবারের কাউকে উত্তরাধিকার হিসেবে দলের কেন্দ্রীয় নেতৃত্বে ক্ষমতা ব্যবহার করে বসাতে যাননি। ছেলে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন বাস্তবায়নে কিংবা কন্যা সায়েমা ওয়াজেদ পুতুল অটিজমে নিজেদের যোগ্যতা বলেই প্রতিষ্ঠা পেয়েছেন। উল্লেখ্য, রাজনৈতিক অঙ্গনে পুত্র জয়সহ পরিবারের নতুন প্রজন্মের কারো কারো পদচারণা রয়েছে। নিজ যোগ্যতা, দক্ষতা দিয়ে রাজনীতি করার এবং নেতা হওয়ার অধিকার সবারই রয়েছে। জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করে কেউ যদি আওয়ামী লীগের কাণ্ডারি হন, তবে আক্ষরিকভাবে তা পরিবারতন্ত্র হলেও বাস্তব বিচারে তাকে পরিবারতন্ত্র বলা ঠিক হবে বলে মনে হয় না। তবে বংশ ও রক্ত সম্পর্কে আমাদের দেশে গণমনস্তত্তে¡ যে বিশ্বাস বা মোহ রয়েছে, গুণাবলি ও যোগ্যতা থাকলেও এর সুযোগ তো তারা নিতেই পারেন।
ঠিক একই রকম না হলেও এরশাদ আমলে খালেদা জিয়া বিএনপিকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে প্রয়োজনেই রাজনীতি ও দলে যোগ দেন। গৃহবধূ ছিলেন তিনি। কোনো রাজনৈতিক অভিজ্ঞতা তার ছিল না। কিন্তু যুগপৎ আন্দোলনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে দলকে রক্ষা ও অগ্রসর করেন তিনি। বলাই বাহুল্য বংশ ও রক্ত সম্পর্কে আমাদের দেশের গণমনস্তত্তে¡ যে বিশ্বাস বা মোহ রয়েছে, তা ব্যবহার করে খালেদা জিয়া বিধ্বস্ত দল বিএনপিকে ক্ষমতায় এনেছিলেন, দুবার প্রধানমন্ত্রীও হয়েছেন। এখানেই রয়েছে মা খালেদা থেকে ছেলে তারেক জিয়ার পার্থক্য। মায়ের কারণে তারেক জিয়া উড়ে এসে জুরে বসেছেন। এই পদ্ধতিতে নেতা হতে গুণাবলি বা যোগ্যতা লাগে না। তারেক তেমনই এক নেতা, যিনি দলকে পথে বসিয়েছেন। এখন বিধ্বস্ত বা বিলীন হওয়ার পথে দল। তাই বলা যায় বিএনপি পড়েছে জিয়া পরিবারের ঘেরাটোপের মধ্যে। দেশের তৃতীয় দল জাতীয় পার্টিও রয়েছে পরিবারতন্ত্রের অক্টোপাসের জালে আবদ্ধ।
উল্লেখিত পর্যালোচনা যখন করা হচ্ছে তখন কিন্তু দেশের প্রধান দুই দলের তৃণমূলে যে পরিবারতন্ত্র ক্রমে প্রসারিত ও শক্তিশালী হচ্ছে তা কিন্তু ভুলে যাওয়া হচ্ছে না। দুই দলেই দেখা যাচ্ছে এমপি ও জনপ্রতিনিধি কারো মৃত্যু হলে কিংবা অবসর নিলে স্ত্রী, পুত্র, ভাই বা আত্মীয় প্রার্থী হয়ে যাচ্ছে। যারা পরিবারের কারণেই কেবল এক ধাক্কায় পদ-পদবি পাচ্ছেন, তারা কখনো গণতন্ত্র চাইতে পারে না। দল যদি গড়ে না ওঠে গঠনতন্ত্র অনুযায়ী গণতন্ত্রের ভিত্তিতে তবে দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারে না।
শেখর দত্ত : রাজনীতিক ও কলাম লেখক।
sdisnow@gmail.com
