মৌলভীবাজারে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ৩
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২১ এএম
ফাইল ছবি
মৌলভীবাজারে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার দিবাগত রাত সোয়া একটার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল উপজেলার ভৈরববাজারের শেষ সীমানা ও মৌলভীবাজারের প্রবেশমুখে শাহপুর সিনেমা হল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল–এ নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফ জানান, তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।
মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
