বিশ্বকাপের আগে আবারও ইনজুরিতে নেইমার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৯:০৯ পিএম
ছবি- সংগৃহীত
বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পের প্রথম দিনেই বড় ধাক্কা খেল ব্রাজিল দল। ডান পায়ের মাংসপেশির চোটের কারণে টুর্নামেন্টে পোস্টার বয় নেইমারের খেলা নিয়ে তৈরি হয়েছে তীব্র সংশয়। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এই চোট ‘গ্রেড টু’ মাত্রার পেশির ইনজুরি বলে নিশ্চিত করেছেন জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার। আজ বৃহস্পতিবার (২৮ মে) এক বিবৃতিতে তিনি জানান, নেইমারকে অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ফলে আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে সেলেসাওদের প্রথম বিশ্বকাপ ম্যাচে তার খেলা নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর প্রতিবেদন অনুযায়ী, নেইমারের ইমেজিং স্ক্যানের বিষয়টি নিয়ে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল (সিবিএফ) কঠোর গোপনীয়তা অবলম্বন করে। গ্রাঞ্জা কোমারির অনুশীলন ক্যাম্পের কাছের একটি স্থানীয় ডায়াগনস্টিক সেন্টার সাধারণ মানুষের জন্য বন্ধ রেখে এই তারকার মেডিকেল টেস্ট করানো হয়। শুরুতে চোট হালকা মনে হলেও এমআরআই করার পর এই গুরুতর ইনজুরি ধরা পড়ে। আপাতত নেইমারের সব ধরনের অনুশীলন বন্ধ রাখা হয়েছে।
ডাক্তার রদ্রিগো লাসমার বলেন, ‘নেইমার গতকাল ক্যাম্পে আসার পর তার সব ধরনের মেডিকেল পরীক্ষা ও এমআরআই করানো হয়েছে। তার গ্রেড টু পেশির চোট ধরা পড়েছে। চিকিৎসা চলছে এবং আশা করছি দুই থেকে তিন সপ্তাহের মধ্যে তিনি মাঠে ফেরার অনুমতি পাবেন।’
মাঠে ফেরার এই প্রক্রিয়ার মাঝেই আগামী ১ জুন পানামার বিপক্ষে নিজেদের প্রথম প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর পাঁচ দিন পর, ৬ জুন মিসরের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে তারা। এই দুই প্রীতি ম্যাচে নেইমারকে যে সাইডলাইনে বসে থাকতে হচ্ছে, তা নিশ্চিত।
অন্য এক সংবাদমাধ্যম তোরসেদোরেসের দাবি, দলের কোচ কার্লো আনচেলত্তি ইতিমধ্যে নেইমারের সঙ্গে সরাসরি কথা বলেছেন। দলের প্রয়োজনে কম গুরুত্বপূর্ণ ভূমিকায় (বদলি হিসেবে) হলেও স্কোয়াডে থাকতে রাজি হয়েছেন নেইমার। তাঁর চোট দ্রুত সারাতে সিবিএফ, সান্তোসের মেডিকেল টিম এবং নেইমারের ব্যক্তিগত স্টাফরা মিলে কঠোর প্রটোকল অনুসরণ করছেনফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ২৪ ঘণ্টা আগে পর্যন্ত চোটজনিত কারণে খেলোয়াড় পরিবর্তন করার সুযোগ রয়েছে।
ফলে আগামী ৬ জুন যুক্তরাষ্ট্রে মিসরের বিপক্ষে প্রীতি ম্যাচের দিনই সিবিএফ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে—নেইমার চোট কাটিয়ে বিশ্বকাপে ব্রাজিলের ডাগআউটে থাকছেন, নাকি স্কোয়াড থেকে পুরোপুরি বাদ পড়ছেন।
