ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা আজ, সরাসরি দেখবেন যেভাবে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৬:৪০ পিএম
ছবি- সংগৃহীত
ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আজই ঘোষণা করা হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড। ফ্রান্স ইতিমধ্যে তাদের দল জানিয়ে দিয়েছে এবং চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাও স্কোয়াড প্রায় চূড়ান্ত করে ফেলেছে। এবার ফুটবলবিশ্বের চোখ সেলেসাওদের প্রধান কোচ কার্লো আনচেলত্তি দল ঘোষণার দিকে।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমোরো’-তে আজ সোমবার (১৮ মে) স্থানীয় সময় বিকেল পাঁচটায় (বাংলাদেশ সময় দিবাগত রাত দুইটা) এক অনুষ্ঠানের মাধ্যমে স্কোয়াড ঘোষণা করা হবে। এই দল ঘোষণার অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রায় ৭০০ জন সংবাদকর্মী উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে ব্রাজিলের টিভি গ্লোবো (TV Globo), স্পোরটিভি (SporTV) ও এসবিটি (SBT)। এ ছাড়া ডিজিটাল প্ল্যাটফর্ম জিই টিভি (GE TV) এবং সিবিএফ টিভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে।
২০০২ সালে সবশেষ পঞ্চমবারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছিল ব্রাজিল। এবার ‘হেক্সা’ (ষষ্ঠ শিরোপা) মিশনের স্কোয়াডে সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নেইমার জুনিয়র। প্রাথমিক ৫৫ জনের তালিকায় তিনি থাকলেও, কোচের ‘ফিটনেস ফার্স্ট’ নীতির কঠিন পরীক্ষায় পাস করে শেষ পর্যন্ত তিনি ২৬ জনের চূড়ান্ত দলে জায়গা পান কি না—সেটিই এখন দেখার বিষয়।
আগামী ১২ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে পর্দা উঠবে ২০২৬ ফিফা বিশ্বকাপের। প্রথমবারের মতো ৪৮ দলের এই বৈশ্বিক আসরে গ্রুপ ‘সি’-তে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে ব্রাজিল। আগামী ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে সেলেসাওরা। এরপর ২০ জুন হাইতি ও ২৫ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে সাম্বার দেশটি।
