বৃষ্টিতে ভাসলো ‘এ’ দলের ম্যাচও, সিরিজ হার যুবাদের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ০৪:০৬ পিএম
ছবি: সংগৃহীত
রাওয়ালপিন্ডিতে টানা বৃষ্টির কারণে পাকিস্তান-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথমদিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। পিন্ডি থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে ইসলামাবাদের ক্লাব গ্রাউন্ডে পাকিস্তান শাহিনসের সঙ্গে বাংলাদেশ ‘এ’ দলের তৃতীয় একদিনের ম্যাচও বেরসিক বৃষ্টি থেকে রেহাই পায়নি। বৃষ্টিতে এই ম্যাচও পরিত্যক্ত হয়েছে। এতে ১-০ ব্যবধানে সিরিজ জিতল স্বাগতিক দল।
ভেজা মাঠের কারণে ইসলামাবাদের ক্লাব গ্রাউন্ডে টস বিলম্বিত হয়। এরপর স্থানীয় সময় বেলা ২টায় মাঠ পর্যবেক্ষণ শেষে জানানো হয়, টানা বৃষ্টি ও ভেজা মাঠের কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হলো।
এর আগে, চারদিনের ম্যাচ দুটিও বৃষ্টি বাগড়ায় পড়েছিল। প্রথমটির পর দ্বিতীয় ম্যাচও বৃষ্টিবিঘ্নিত ছিল, এতে সিরিজটি সমতায় শেষ হয়।
এর আগে, প্রথম একদিনের ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হারে বাংলাদেশ ‘এ’ দল। প্রথমে ব্যাটিং করে ১৪ ওভার বাকি থাকতেই ১৮৩ রানে গুটিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। জবাবে ৮ উইকেট হাতে রেখে ২৭ দশমিক ৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক দল।
