তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ সিপিবির
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পিএম
ছবি: সংগৃহীত
বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধের দাবিতে এবং গ্যাস ও তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
দলের জেলা কমিটির উদ্যোগে শনিবার (২৫ এপ্রিল) দুপুরে শহরের গানাসাস মার্কেটের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা সিপিবির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতা মিহির ঘোষ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদ জামান রব্বানী, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর আলম মাস্টার, জেলা কমিটির সদস্য এমদাদুল হক মিলন, জাহাঙ্গীর আলম মণ্ডল, ফুলছড়ি উপজেলা সিপিবি নেতা আব্দুল্লাহ সরকার প্রমুখ।
বক্তারা বলেন, বিশ্ববাজারে যখন তেলের দাম কমছে তখন ডিজেল ও পেট্রলের দাম বাড়ানো হয়েছে।
গ্যাসের দাম ১৭ দিনে ৬০০ টাকা বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা। একই সঙ্গে বিদ্যুতের লোডশেডিং এ জনজীবনে দুর্ভোগের বিষয় উল্লেখ করে বক্তারা অবিলম্বে তা বন্ধের দাবি জানান।
পরে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা সিপিবির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
