নীলফামারীতে জ্বালানি সংকট, কালোবাজারে বাড়ছে দৌরাত্ম্য
মো. রাজীব চৌধুরী রাজু, নীলফামারী থেকে
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পিএম
ছবি : ভোরের কাগজ
নীলফামারীতে ক্রমেই তীব্র হচ্ছে জ্বালানি তেলের সংকট। জেলার পেট্রোল পাম্পগুলোতে পর্যায়ক্রমে প্রতিদিন একটি করে পাম্পে নির্ধারিত ১০০ থেকে ৩০০ টাকার মধ্যে জ্বালানি তেল বিক্রি করা হলেও চাহিদার তুলনায় তা খুবই অপ্রতুল। ফলে এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরেও তেল না পেয়ে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
অন্যদিকে, সামান্য তেল পাওয়ার আশায় পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দিন-রাত পার করছেন হাজার হাজার মোটরসাইকেল চালক। অনেকেই বাইক রেখে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন, এমনকি গভীর রাত পর্যন্ত থেকেও তেল না পেয়ে হতাশ হয়ে ফিরতে হচ্ছে।
তবে ডিজেলের সরবরাহ তুলনামূলক স্বাভাবিক রয়েছে। ফলে সেচ কার্যক্রমে তেমন কোনো প্রভাব পড়বে না বলে ধারণা করছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা গেছে, জেলার অধিকাংশ পাম্পই বন্ধ রয়েছে অথবা তেল সরবরাহ না থাকায় বিক্রি বন্ধ। যখনই কোনো পাম্পে তেল আসে, তখনই সেখানে উপচে পড়া ভিড় দেখা যায়। দীর্ঘ সময় অপেক্ষা করে গ্রাহকেরা তেল সংগ্রহ করছেন। কেউ কেউ আবার তেল পাওয়ার আশায় পাম্পের সামনেই দিন-রাত অবস্থান করছেন। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কর্মজীবী নারী বাইক চালকরাও।
এদিকে, কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন উপায়ে পাম্প থেকে তেল সংগ্রহ করে কালোবাজারে বেশি দামে বিক্রি করছেন। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা নেওয়া হলেও তাদের দৌরাত্ম্য কমছে না।
আরো পড়ুন : দেশে মজুত পেট্রোল-ডিজেলের পরিমাণ জানাল জ্বালানি বিভাগ
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসন নতুন উদ্যোগ নিয়েছে। জেলার সব পাম্পে ট্যাগ অফিসারের উপস্থিতিতে বিকেল ৩টা থেকে তেল শেষ না হওয়া পর্যন্ত একযোগে বিক্রি এবং যানবাহন মার্কিং কার্যক্রম চালুর পরিকল্পনা করা হয়েছে। এতে সংকট কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক একরামুল হক জানান, ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ না পাওয়ায় তারা চরম সংকটে রয়েছেন।
এ বিষয়ে জেলা প্রশাসক নায়িরুজ্জামান বলেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সমস্যা সমাধানে সব পাম্পে একযোগে তেল বিক্রির উদ্যোগ নেওয়া হবে, যাতে একজন ব্যক্তি একাধিক পাম্প থেকে তেল নিতে না পারেন এবং বেশি সংখ্যক যানবাহনে তেল সরবরাহ নিশ্চিত করা যায়।
