বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ৭
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০২ পিএম
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের তাড়াশে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে সাতজন গুরুতর আহত হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার মাধাইনগর ইউনিয়নের গুড়মা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
আহতরা হলেন- সিয়াম হোসেন (১৩), সুলতান মাহমুদ (৩২), সবুরা খাতুন (২৬), রহিম হোসেন (৩০), আব্দুল গফুর (৩২), মোছা. মোস্তারিন পারভীন (৩০) ও রেহেনা খাতুন (২০)।
জানা যায়, ভোটের দিন সকালে মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আমিন উদ্দিন কয়েকটি পরিবারের সদস্যদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানায়। এ সময় তারা আহ্বানে সাড়া না দিয়ে বিএনপির অপর এক নেতা মো. নাসির উদ্দিনের নির্দেশনায় ভোট কেন্দ্রে যান। এই ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, ওই ঘটনার জের ধরে আজ সকালে আমিন উদ্দিন ও তার অনুসারীরা কয়েকটি বাড়িতে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে নারীসহ সাতজন আহত হয়।
এ বিষয়ে মো. আমিন উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়।
তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আফসার আলী বলেন, ‘ এই ঘটনার সঙ্গে জড়িত উভয় পক্ষই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিষয়টি জানার পর আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং স্থানীয়ভাবে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।’
তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।’
