ফেনীতে পরিবেশমন্ত্রী : ব্লক ইট তৈরিতে প্রণোদনা প্যাকেজ দেবে সরকার > পৈতৃক বাড়ি পরিদর্শন
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ফেণী ও দাগনভূঞা প্রতিনিধি : বায়ুদূষণকারী ও কৃষিজমির মাটি ক্ষয়কারী ইটভাটা বন্ধে সরকার ধীরে ধীরে পুরোপুরি পরিবেশবান্ধব ব্লক ইটের দিকে ঝুঁকতে চায়। ব্লক ইট তৈরিতে উদ্যোক্তাদের প্রণোদনা দিতে বিভিন্ন প্যাকেজ ঘোষণা করবে সরকার। ইটভাটা মালিকরা চাইলে এই প্যাকেজের সুবিধা নিতে পারবেন। আধুনিক পদ্ধতির ব্লক ইটের ব্যবহার চালু করতেই সরকার এই উদ্যোগ নিতে যাচ্ছে। একই সঙ্গে ইটভাটাগুলো যাতে আর চালু না হতে পারে, সেই ব্যবস্থাও নেয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
গতকাল শনিবার ফেনী সার্কিট হাউসে বন অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী এসব কথা জানান।
ফেনীর জেলা প্রশাসক শাহীনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ, বিভাগীয় বন কর্মকর্তা রুহুল আমিন এবং ফেনী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক শওকত আরা কলি প্রমুখ। মতবিনিময় সভা শেষে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী পরিবেশমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
মতবিনিময় সভায় পরিবেশমন্ত্রী প্লাস্টিকের ব্যবহার বন্ধসহ পরিবেশ দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এ সময় তিনি আরো বলেন, পরিবেশ ছাড়পত্র না নিলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। পরিবেশ ছাড়পত্র দেয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতাও পরিহার করতে হবে। পৌরসভাগুলোর বর্জ্য রিসাইকেল করার জন্য নির্দিষ্ট স্থান করে দেয়া হবে। চিকিৎসা বর্জ্য ও পৌর বর্জ্য প্রতিদিন পরিষ্কার করা হচ্ছে কিনা তদারকি করতে হবে। তিনি এ সময় জবরদখলকৃত বনভূমি উদ্ধার এবং নগর ও উপকূলীয় বনায়নের উদ্যোগ নেয়ার জন্য বিভাগীয় বন কর্মকর্তাকে নির্দেশ দেন।
এদিকে গতকাল সকালে নিজ গ্রাম দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের চৌধুরী বাড়িতে সাবের হোসেন চৌধুরী পৌঁছালে উপজেলা ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন, সুশীল সমাজের নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় সাবের হোসেন চৌধুরী বলেন, নাড়ির টানে আমাকে পৈত্রিক বাড়িতে আসতেই হবে। তাই এ উপজেলার উন্নয়নের জন্য সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে উপজেলা পরিষদ চেয়ারম্যানকে আশ্বস্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা, পৌর মেয়র ওমর ফারুক খান, ভাইস চেয়ারম্যান মো. শাহীন মুন্সী, মহিলা রোকসানা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ড আজ সারা বিশ্বে রোলমডেল। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পরিবেশ রক্ষায় সবার এগিয়ে আসতে হবে।
