×

অর্থ শিল্প বাণিজ্য

মাথাপিছু জিডিপির হার : টানা চার বছর ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ

Icon

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ ডেস্ক : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব মতে- বাংলাদেশের মাথাপিছু জিডিপি (মোট দেশজ উৎপাদন) এখন ২ হাজার ৬২১ ডলার। অপরদিকে ভারতের জিডিপি ২ হাজার ৬১২ ডলার এবং পাকিস্তানের ১ হাজার ৪৭১ ডলার। অর্থাৎ দেশের অভ্যন্তরে মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়েছে বাংলাদেশ। এটি অব্যাহত আছে টানা ৪ বছর। আর পাকিস্তানের চেয়ে এগিয়ে টানা আট বছর। পাশাপাশি গত দুই দশক ধরে অর্থনৈতিক ও সামাজিক অনেক ক্ষেত্রেও এ দুটি দেশ থেকে এগিয়ে বাংলাদেশ। এ তালিকায় আছে গড় আয়ু, সাক্ষরতার হার, নারীর ক্ষমতায়ন ইত্যাদি। এ ব্যাপারে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম সংবাদ মাধ্যমকে বলেন- গত দেড় দশক ধরে অর্থনীতিতে অগ্রগতির সুফল মিলেছে। করোনার আগে অর্থনীতি স্থিতিশীলভাবে এগিয়েছে। শুধু মাথাপিছু আয় নয়, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়নের অনেক ক্ষেত্রে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে গেছে বাংলাদেশ। পাকিস্তানের মাথাপিছু আয় এখন বাংলাদেশের অর্ধেকের কিছুটা বেশি। মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়েছি করোনার সময়। তিনি আরো বলেন, গত দেড় দশকে পরিকল্পনার সঙ্গে বাজেট করা হয়েছে। প্রবৃদ্ধির হার, কর্মসংস্থান, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়নসহ সবকিছুই পরিকল্পনামাফিক করা হয়েছে। এর সুফল মিলছে এখন। উল্লেখ্য, দেশের নিজস্ব উৎপাদন ও সেবা সব মানুষকে সমভাবে ভাগ করে দিলে মাথাপিছু জিডিপি হয়। এ আয়ে প্রবাসী আয়সহ দেশের বাইরের আয় যুক্ত হয় না। প্রবাসী আয় ও দেশের বাইরের আয় যুক্ত হলে সেটিকে মাথাপিছু জিডিপি না বলে মাথাপিছু আয় বলা হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, বাংলাদেশের মানুষের মাথাপিছু গড় আয়ের ৯৬ শতাংশই আসে দেশের অভ্যন্তর থেকে। এক দশকে মাথাপিছু আয় দ্বিগুণ করেছে বাংলাদেশ। সর্বশেষ হিসাবে, এখন মাথাপিছু আয় ২ হাজার ৭৬৫ ডলার। ২০১৩-১৪ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ১ হাজার ৩১৬ ডলার। গত এক দশকে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে দ্রুতগতিতে মাথাপিছু আয় বেড়েছে বাংলাদেশে। তথ্য মতে- বাংলাদেশ ২০২০ সালে প্রথম মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়ায়। ওই বছর বাংলাদেশের মাথাপিছু জিডিপি ছিল ১ হাজার ৮৮৮ ডলার। আর ভারতের ছিল ১ হাজার ৮৭৭ ডলার। মূলত করোনাকালে কঠোর লকডাউন, ব্যবসাবাণিজ্যে শ্লথগতিসহ নানা কারণে ভারতের অর্থনীতি সংকুচিত হয়। এতেই বাংলাদেশ এগিয়ে যায়। কারণ কোভিডের মধ্যে বাংলাদেশের জিডিপি সংকুচিত হয়নি। গত দুই দশক ধরে বাংলাদেশ ও ভারতের অর্থনীতি অনেক দ্রুতগতিতে এগিয়েছে। তবে ২০১৭ সাল থেকে ভারত গতি ধরে রাখতে পারেনি। অন্যদিকে বাংলাদেশের অর্থনীতির গতি বাড়তেই থাকে। ২০১৮-১৯ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি প্রায় ৮ শতাংশ হয়ে যায়। আবার গত ১৫ বছরে ভারতের জনসংখ্যা বেড়েছে ২১ শতাংশ, আর বাংলাদেশের বেড়েছে ১৮ শতাংশ। এসবের প্রভাব পড়েছে মাথাপিছু আয়ে। ২০০৭ সালেও বাংলাদেশের মাথাপিছু জিডিপি ছিল ভারতের অর্ধেক। আর ২০০৪ সালে ভারতের মাথাপিছু জিডিপি ছিল বাংলাদেশের তুলনায় ৭০ শতাংশ বেশি। অন্যদিকে ২০১৬ সালে প্রথমবার মাথাপিছু জিডিপিতে পাকিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশ। ওই বছর বাংলাদেশের মাথাপিছু জিডিপি বেড়ে দাঁড়ায় ১ হাজার ৬৫৯ ডলার। পাকিস্তানের ছিল ১ হাজার ৪৬৮ ডলার। এরপর আর কোনো বছর পাকিস্তান বাংলাদেশকে ছাড়াতে পারেনি। একটি দেশের মানুষ আর্থিকভাবে কেমন স্বচ্ছল তা জানতে ক্রয়ক্ষমতা বিবেচনায় করা হয়। নিজের আয় দিয়ে একজন মানুষ প্রয়োজনীয় কী কী জিনিস কিনতে পারেন, তা দেখা হয়। বিভিন্ন দেশের অর্থনীতিকে তুলনা করতে ক্রয়ক্ষমতার সমতা বা পারচেজিং পাওয়ার প্যারিটির (পিপিপি) ভিত্তিতে জিডিপি এবং মাথাপিছু জিডিপি নির্ধারণ করা হয়। সেই হিসাবে পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। আর ভারতের চেয়ে পিছিয়ে। ২০২৩ সালের আইএমএফের হিসাবে, পিপিপি অনুসারে বাংলাদেশের মাথাপিছু আয় ৮ হাজার ৬৭০ ডলার। ভারত ও পাকিস্তানের যথাক্রমে ৯ হাজার ১৮০ ডলার ও ৬ হাজার ৭৭০ ডলার। শ্রমশক্তিতে কত শতাংশ নারী আছেন, এটি দিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণের প্রবণতা বোঝায়। এদিক দিয়ে ভারত ও পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশে প্রতি তিনজনে একজন নারী কাজের মধ্যে আছেন। অন্যদিকে ভারত ও পাকিস্তানে প্রতি পাঁচজনে একজন কর্মক্ষম নারী। দেশের কর্মক্ষম মানুষের মধ্যে ৩৫ শতাংশই এখন নারী। বর্তমানে শ্রমশক্তিতে আড়াই কোটির বেশি নারী আছেন। ভারত ও পাকিস্তানে শ্রমশক্তিতে যথাক্রমে ২৩ শতাংশ ও ২০ শতাংশ নারী। এছাড়া সামাজিক সূচকেও বাংলাদেশ ভালো অবস্থানে। ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশের মানুষের গড় আয়ু বেশি। বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭২ দশমিক ৪ বছর। ভারত ও পাকিস্তানে গড় আয়ু যথাক্রমে ৭২ ও ৬৯ বছর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একদিনে ১৩ সীমান্তে পুশ ইনের চেষ্টা, নেপথ্যে কী?

একদিনে ১৩ সীমান্তে পুশ ইনের চেষ্টা, নেপথ্যে কী?

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি সেনা নিহত

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি সেনা নিহত

২০৩৪ সালের মধ্যে ২০৫ বিলিয়ন ডলারে দাড়াবে ভারতের চিপ শিল্প

২০৩৪ সালের মধ্যে ২০৫ বিলিয়ন ডলারে দাড়াবে ভারতের চিপ শিল্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App