শেখ হাসিনাকে আবারো নির্বাচিত করতে হবে : সাবের হোসেন চৌধুরী
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়াকে আমরা ধরে রাখতে চাই। আমরা পিছিয়ে যেতে চাই না। দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে আবারো জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।
গতকাল বৃহস্পতিবার বিকালে রাজধানীর সবুজমতি ভবনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের বুথ ভিত্তিক নেতাদের সঙ্গে মতবিনিময় ও আইডিকার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ অনুষ্ঠানের আয়োজন করে খিলগাঁও থানার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ।
সাবের হোসেন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ বার বার সরকার গঠন করার সুযোগ পেয়েছে বলেই আজকে দেশের এতো উন্নয়ন সম্ভব হয়েছে। আজকে বাংলাদেশ পৃথিবীর দ্রুততম উন্নয়নশীল দেশের মধ্যে একটি।
প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, উন্নয়নের সুফল যাতে প্রত্যেকটি নাগরিক পায়, আমরা সে লক্ষ্যে কাজ করেছি। আমরা আমাদের এলাকায় মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে ৪২৫টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছি। আগামী নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে উপহার দিব।
তিনি আরো বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা নৌকার জন্য কাজ করবে, নির্বাচন পরবর্তী সময়ে আওয়ামী লীগের কমিটিতে যাচাই বাছাই করে তাদের সেই পদগুলো দেয়া হবে। যারা সংগঠনের জন্য ত্যাগ স্বীকার করেছে, অবদান রাখে, দুঃসময়ে আওয়ামী লীগের পাশে ছিল তাদের আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে চাই।
খিলগাঁও ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুজ্জামান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- খিলগাঁও ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওয়াহিদুল হাসান মিল্টন, মুগদা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাহার, শাহাদাৎ হোসেন সাধু, শাখাওয়াত হোসেন আওলাদ, তানজিল হাসান, সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান শাহরিয়ার প্রমুখ।
অনুষ্ঠানে ১৬টি কেন্দ্রের ৪৭৫ জনের মধ্যে স্মার্টকার্ড বিতরণ করেন সাবের হোসেন চৌধুরী।
