সাবের হোসেন চৌধুরী : আমাদের কর্মের ফলেই প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ বলতে কিছু নেই, আমরা আমাদের কর্মের ফলে এই দুর্যোগ তৈরি করেছি। এটা মানবজাতির সৃষ্ট দুর্যোগ। গতকাল বুধবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা অডিটোরিয়ামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত জলবায়ু পরিবর্তন, দুর্যোগ এবং উন্নয়ন সম্পর্কবিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তরুণ প্রজন্মকে প্রাকৃতিক দুর্যোগ না বলার আহ্বান জানান তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইসিসিএডির পরিচালক অধ্যাপক সালিমুল হক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ, বুয়েটের অধ্যাপক মোহাম্মদ রেজাউর রহমান প্রমুখ।
সাবের হোসেন চৌধুরী বলেন, জলবায়ুর জন্য এ বছর আমাদের বাজেটে ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আজকে যদি আমাদের এই জলবায়ুর সমস্যা না থাকতো তাহলে এই টাকা আমরা স্বাস্থ্য, শিক্ষা, আইসিটিসহ দেশের অন্যান্য খাতে ব্যয় করতে পারতাম। কিšু‘ জলবায়ু পরিবর্তনের ফলে আমরা তা পারছি না। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ।
প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলাদেশে প্রথমবারের মতো প্রাকৃতিক সম্পদের হিসাব চালু করেছেন। এর ফলে আমরা বুঝতে পারব আমাদের কতটুকু প্রাকৃতিক সম্পদ আছে, আর কতটুকু বছরে ব্যবহার করছি। যখনই বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ আসে তখনই সুন্দরবন আমাদের জন্য ঢাল হিসেবে কাজ করে। এর ফলে, আমাদের দেশ অনেক ক্ষতি থেকে বেঁচে যায়। এটাকে আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন এভাবে চলতে থাকলে আমাদের কোনো ধরনের উন্নয়নই সম্ভব হবে না। আমাদের সব উন্নয়নকে টেকসই করতে হলে পরিবেশকে ঠিক করতে হবে। আর তা না হলে জনগণ উন্নয়নের সুফল ঠিকমতো পাবে না। পরিবেশের বিজয় নিশ্চিত করতে না পারলে আমাদের বিজয় নিশ্চিত হবে না।
পাহাড় কেটে রাস্তা না করার আহ্বান জানিয়ে সাবের হোসেন চৌধুরী বলেন, আমরা চাইলে অনেক রাস্তা বানাতে পারি, কিন্তু আমরা চাইলেই একটি পাহাড় তৈরি করতে পারি না। তাই পাহাড় কেটে রাস্তা করা যাবে না। আমাদের প্রাকৃতিক সম্পদ সঠিকভাবে ব্যবহার করতে হবে। পরিবেশের ক্ষতি হলে আমাদের নিজেদেরই ক্ষতি হবে।
