স্টিল মিলের কালো ধোঁয়া থেকে মুক্তি চায় এলাকাবাসী
প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় গড়ে ওঠা একটি স্টিল মিলের নির্গত কালো ধোঁয়ায় পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এতে হুমকিতে রয়েছে জীববৈচিত্র্য। পাশাপাশি জনস্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব পড়ছে। অতি দ্রুত এই কালো ধোঁয়া থেকে মুক্তি চায় এলাকাবাসী।
অভিযোগ রয়েছে, এলাকাবাসী পরিবেশ বিপর্যয় রোধে মিল কর্তৃপক্ষসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর বরাবর অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।
সরজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বাউশিয়া এলাকায় গড়ে ওঠা আকিজ ইস্পাত থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। মিলটির আশপাশ দিয়ে নাকমুখে কাপড় দিয়ে পথচারীরা চলাচল করছে। অপরদিকে স্টিল মিলের বিপরীত পাশে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শ্রেণি কক্ষগুলোতে ধোঁয়া প্রবেশ করছে। এতে ধোঁয়ার মধ্যে কষ্ট করে ক্লাস করছে শিক্ষার্থীরা। ভবেরচর উপজেলা হাসপাতালে চিকিৎসা নিতে আসা বেশির ভাগ রোগীই শ্বাসকষ্টে ভুগছে। এছাড়া হুমকিতে রয়েছে জীববৈচিত্র্য।
এলাকাবাসী জানান, আকিজ ইস্পাত স্টিল মিলের আশপাশে ভবেরচর ও বাউশিয়া ইউনিয়নের প্রায় পাঁচটি গ্রামের নারী, শিশু ও বৃদ্ধরা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। মিলের লোহা পোড়ানোর বিষাক্ত কালো ধোঁয়া শোধনে নেই কোনো উদ্যোগ। এ নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছে না সাধারণ মানুষ।
এ বিষয়ে নদী নালা ও পরিবেশ রক্ষা কমিটির গজারিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুম সরকার বলেন, স্টিল মিলের কালো ধোঁয়ার কারণে গজারিয়া এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের লোকজন প্রতিষ্ঠানটি একাধিকবার পরিদর্শন করে গেলেও দূষণ বন্ধে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। আমি মুন্সীগঞ্জ পরিবেশ অধিদপ্তরকে বিষয়টি জানিয়েছি এবং ওই মিলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করেছি।
এদিকে এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেছে আকিজ ইস্পাত স্টিল মিল কর্তৃপক্ষ।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুবাশ্বির বিনতে আলম জানান, মিলের ধোঁয়া কালো হোক বা সাদা, তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর ধোঁয়া যত কালো হবে, ক্ষতিকর পদার্থের পরিমাণ তত বাড়বে। স্টিল মিলের ধোঁয়া স্বাস্থ্যের জন্য আরো বেশি ঝুঁকিপূর্ণ। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য তা অনেক বেশি ক্ষতিকারক। তাছাড়া কালো ধোঁয়ার কারণে যে কোনো বয়সের মানুষের শ্বাসকষ্ট ও ক্যানসার হতে পারে।
গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাহফুজ জানান, পরিবেশ অধিদপ্তর কোনো পদক্ষেপ না নিলে উপজেলা প্রশাসন আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
