গোলটেবিল বৈঠকে বক্তারা : জেন্ডার ইস্যুতে ভাষা ও ছবি ব্যবহারে পিছিয়ে গণমাধ্যম
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২২, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : গণমাধ্যমসমূহ সংবাদ পরিবেশন ও নিজ প্রতিষ্ঠানে লিঙ্গভিত্তিক অবস্থানের ক্ষেত্রে অনেক সচেতন হয়েছে। তবে ভাষা প্রয়োগ, ছবি ও ভিডিও ব্যবহারের ক্ষেত্রে এখনো অনেকটা পিছিয়ে আছে। যেখান থেকে উত্তরণের জন্য সচেতনতার পাশাপাশি মানসিকতা পরিবর্তন জরুরি বলে মত দেন বক্তারা।
গতকাল বৃহস্পতিবার ‘গণমাধ্যমে জেন্ডারভিত্তিক সংবাদ উপস্থাপন পর্যবেক্ষণের ফলাফল’ বিষয়ক গোলটেবিল বৈঠকের আলোচকরা এসব কথা বলেন। ফ্রি প্রেস আনলিমিটেড এবং প্রোটেক্টিং ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া ফল ইফ্যাক্টিভ ডেভেলপমেন্ট (পিআরআইএমইডি) এর সহযোগিতায় সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (এসএমসিএমআইডি) ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর সেমিনার কক্ষে এ বৈঠক করা হয়। এসএমসিএমআইডির উপপরিচালক সৈয়দ কামরুল হাসান ও পিআইবির প্রশিক্ষণ বিভাগের কনিষ্ঠ প্রশিক্ষক মো. শাহ আলমের সমন্বয়ে বৈঠকটি সঞ্চালনা করেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. মিনহাজ উদ্দিন, বাংলাভিশন টেলিভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদ, চ্যানেল আইয়ের সিনিয়র নিউজ এডিটর মীর মাশরুর জামান, দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মানসুরা হোসেন, দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি আঙ্গুর নাহার মন্টি, বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র প্রতিবেদক ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ সিদ্দিকী সোমা প্রমুখ।
বক্তারা বলেন, আমরা সাধারণত জেন্ডার বলতে নারী-পুরুষের জৈবিক পরিচয়কে বুঝলেও আপেক্ষিকভাবে এটি নারী ও পুরুষের সামাজিক দৃষ্টিভঙ্গিকে নির্দেশ করে। মূলত জেন্ডার বলতে নারী-পুরুষের কাক্সিক্ষত আচরণ বোঝায়- যা পরিবার, সমাজ ও সংস্কৃতি থেকে বিকশিত হয়। তেমনি জেন্ডার সংবেদনশীল বলতে নারী-পুরুষ কিংবা বিশেষ লিঙ্গের প্রতি সমাজের বিদ্যমান বৈষম্য হ্রাস পাওয়া বোঝায়। নারী ও পুরুষের সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হলেই জেন্ডার বৈষম্যের পরিসমাপ্তি অনেকটা দূর করা যাবে। এছাড়া সামজিক দায়বদ্ধতা ও গণমাধ্যম হাউসসমূহের ইতিবাচক পদক্ষেপের মাধ্যমেই জেন্ডার বৈষম্য বিলোপ করা সম্ভব। আর জেন্ডার সংবেদনশীল হতে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতায় সমন্বিতভাবে কাজ করা জরুরি। গণমাধ্যমে নারীকে উপস্থাপন করা আর জেন্ডার সমতা কিংবা জেন্ডার সংবেদনশীল শব্দ প্রয়োগ করা ভিন্ন বিষয়।
