যে কারণে দ্রুত ভোট চায় বিএনপি
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৮:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকার কত দিন থাকবে, কবে নির্বাচন দেবে- এ নিয়ে মানুষের মধ্যে যেমন কৌতূহল আছে, তেমনি বিএনপি ও সমমনা দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এক-এগারোর সরকারের মতো দুই নেত্রীকে মাইনাস করার কোনো কৌশল এ সরকারের থাকতে পারে বলে আশঙ্কা আছে।
সেই সঙ্গে দলের প্রতি জনসমর্থন ধরে রাখার চ্যালেঞ্জেও রয়েছে বিএনপি। অন্তর্বর্তী সরকার ছয়টি খাতে সংস্কারের ঘোষণা দেয়। তবে সব সংস্কার অন্তর্বর্তী সরকার করে দিয়ে যাবে, সেটা চায় না বিএনপি।
বিএনপি ও যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো নির্বাচনী রোডম্যাপ দাবি করেছে। ডিসেম্বরের মধ্যে রোডম্যাপের ঘোষণা না এলে আগামী মার্চ-এপ্রিল থেকে আন্দোলন কর্মসূচিতে যাবে দলটি।
এর আগে সংবাদ সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে ড. মুহাম্মদ ইউনূস বলেন, সংস্কারের গতিই ঠিক করে দেবে নির্বাচন কত দ্রুত হবে।
এছাড়া সেপ্টেম্বরে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেছিলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ এক থেকে দেড় বছরের মধ্যে হওয়া উচিত। নির্বাচনের সময় নির্ভর করবে সংস্কার কমিশনের প্রতিবেদন ও তা নিয়ে রাজনৈতিক দলগুলোর আলোচনার ওপর।
তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংস্কারের একটা ‘সীমারেখা’ টেনে দিয়েছেন। দলটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় সংস্কারের পক্ষে। এজন্য ‘যৌক্তিক’ সময় দিতে রাজি।
