×

জাতীয়

আজ শেষ কর্মদিবস, কাল থেকে ৭ দিনের ছুটি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০১:১১ পিএম

আজ শেষ কর্মদিবস, কাল থেকে ৭ দিনের ছুটি

ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষ্যে আজ রোববার (২৪ মে) শেষবারের মতো খুলছে সরকারি অফিস-আদালত। আগামীকাল সোমবার (২৫ মে) থেকে টানা সাত দিন সরকারি ছুটি থাকবে।

রোববার (২৪ মে) সচিবালয়সহ বিভিন্ন সরকারি দপ্তর ঘুরে দেখা গেছে, সকালের দিকে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল স্বাভাবিক এবং অন্যান্য দিনের মতোই চলছিল অফিস আদালত। সচিবালয়ের পার্কিং এরিয়াগুলো ছিল গাড়িতে পূর্ণ, দর্শনার্থী অভ্যর্থনা কক্ষেও ছিল উপচে পড়া ভিড়।

তবে ঈদের আগে শেষ কর্মদিবস হওয়ায় দুপুরের পর থেকেই চিত্র বদলাতে শুরু করে। অনেককে দপ্তরে হাজিরা দিয়েই বাস, রেলস্টেশন ও লঞ্চ টার্মিনালের দিকে ছুটতে দেখা গেছে। যাওয়ার আগে সহকর্মীদের মধ্যে চলল আগাম ঈদের কুশল ও শুভেচ্ছা বিনিময়। এদিকে প্রতিবারের মতো এবারও সচিবালয়ের লিফটচালকদের মধ্যে কর্মকর্তা-দর্শনার্থীদের কাছ থেকে ঈদের বকশিশ সংগ্রহের চিরচেনা তৎপরতা লক্ষ্য করা গেছে।

আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। ঈদ উপলক্ষ্যে আগে থেকেই ছয় দিনের ছুটি নির্ধারণ করেছিল সরকার। পরে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি বাড়ানো হয়।

এ সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি চাকরিজীবীরা ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ছুটি কাটাবেন। আগামী ১ জুন থেকে সরকারি অফিস খুলবে। এর অংশ হিসেবে সাপ্তাহিক ছুটির দিন শনিবার (২৩ মে) সরকারি চাকরিজীবীদের অফিস করতে হয়েছে।

সরকারের ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহার দিন সাধারণ ছুটি। এর আগে ২৬ ও ২৭ মে এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়। পরে গত ৭ মে মন্ত্রিসভার বৈঠকে ২৫ মে অতিরিক্ত ছুটি ঘোষণা এবং ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

যেসব সেবা ছুটির আওতার বাইরে:

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর পরিচালনা, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবাসহ জরুরি পরিষেবাগুলো ছুটির আওতার বাইরে থাকবে। এছাড়া হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক-কর্মচারী এবং ওষুধ ও চিকিৎসাসামগ্রী বহনকারী যানবাহনও ছুটির আওতার বাইরে থাকবে। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন অফিসও চালু থাকবে।

ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। আর আদালতের কার্যক্রম নিয়ে নির্দেশনা দেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানার ছুটির বিষয়ে ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২২ তলা থেকে সন্তানকে ফেলে হত্যা করলো মা

২২ তলা থেকে সন্তানকে ফেলে হত্যা করলো মা

কুরবানির পশু ব্যবসায়ীদের নিরাপত্তায় তৎপর র‌্যাব

কুরবানির পশু ব্যবসায়ীদের নিরাপত্তায় তৎপর র‌্যাব

ইউসুফ হোসেন হুমায়ুনের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

ইউসুফ হোসেন হুমায়ুনের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

স্পেনে সরকারবিরোধী তীব্র বিক্ষোভ, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি

স্পেনে সরকারবিরোধী তীব্র বিক্ষোভ, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App