ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলবে ৩ জুনের ট্রেনের টিকিট
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৮:২৬ এএম
ছবি : সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা শেষে ঘরে ফেরা মানুষের যাত্রা সহজ করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। রোববার (২৪ মে) বিক্রি করা হচ্ছে আগামী ৩ জুনের আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট।
রোববার সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে।
ঈদ উপলক্ষে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা অনুযায়ী, ৩১ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে ২১ মে, ১ জুনের টিকিট ২২ মে এবং ২ জুনের টিকিট বিক্রি করা হয়েছে ২৩ মে। আর শেষ দিন হিসেবে আগামী ২৫ মে বিক্রি করা হবে ৪ জুনের আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট।
রেলওয়ে জানিয়েছে, এ সময়ে কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একটির বেশি টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।
