বিমানবন্দরের রানওয়ে এলাকায় প্রবেশ, যুবক আটক
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে রানওয়ের কাছাকাছি এলাকায় প্রবেশ করায় এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর আনুমানিক সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম ফেরদৌস (২২)। তিনি অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে অ্যাপ্রোন এলাকায় চলে যান, যেখানে অনুমোদিত ব্যক্তি ছাড়া প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।
বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। গোয়েন্দা সূত্র জানায়, আটক যুবকের বাড়ি মেহেরপুর জেলায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, মামাকে নিতে বিমানবন্দরে এসেছিলেন। ফ্লাইট দেরি হওয়ায় বিমান দেখার উদ্দেশ্যে তিনি নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেন।
পরে তাকে ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, পুলিশ সদর দপ্তর থেকে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য হামলার সতর্কতার পর সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের ৮টি বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়। এর পরদিনই এমন ঘটনা ঘটায় বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, সাম্প্রতিক নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষিতে বিমানবন্দরগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ প্রবেশপথ, টার্মিনাল এবং সংবেদনশীল এলাকায় অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।
