×

জাতীয়

বাসভাড়া বাড়ানো নিয়ে যে নির্দেশনা দিলো মালিক সমিতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৯:১৮ এএম

বাসভাড়া বাড়ানো নিয়ে যে নির্দেশনা দিলো মালিক সমিতি

ফাইল ছবি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাস–মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণে বৈঠক হয়েছে। তবে ভাড়া কত বাড়ানো হবে, এ বিষয়ে এখনও সরকারের পক্ষ থেকে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। এ অবস্থায় সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসভাড়া না বাড়াতে পরিবহন মালিক ও শ্রমিকদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

মঙ্গলবার (২১ এপ্রিল) সমিতির মহাসচিব সাইফুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেন।

বিবৃতিতে মালিক সমিতি সকল পরিবহন মালিককে বিদ্যমান ভাড়া চার্ট অনুসরণ করার নির্দেশ দিয়েছে।

এতে আরও বলা হয়, সরকারের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির কোনো প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত যাত্রীদের কাছ থেকে বর্তমান হারের চেয়ে বেশি ভাড়া আদায় করা যাবে না।

মালিক সমিতি বলছে, পরিবহন খাত বর্তমানে ক্রমবর্ধমান আর্থিক চাপের মুখে রয়েছে। সম্প্রতি ডিজেলে লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের দাম বেড়ে যাওয়ায় আমদানিকৃত খুচরা যন্ত্রাংশ ও সামগ্রিক যানবাহন রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেড়ে গেছে। এ অবস্থায় পরিবহন খাতের স্থিতিশীলতা বজায় রাখতে জ্বালানির দাম ও রক্ষণাবেক্ষণ খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবহন নেতারা।

এর আগে গত রোববার (১৮ এপ্রিল) রাত আটটার দিকে বনানীতে বিআরটিএ কার্যালয়ে বাসের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক শুরু হয়। রাত ১০টার দিকে বৈঠকটি শেষ হয়। এতে বিআরটিএর কর্মকর্তা, পরিবহন মালিক–শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকের পর বিআরটিএ চেয়ারম্যান গণমাধ্যমকে জানান, ভাড়া বিষয়ে একটি খসড়া করা হয়েছে। দ্রুতই মন্ত্রণালয় থেকেই খসড়া প্রস্তাব চূড়ান্ত হয়ে নির্দিষ্ট কত ভাড়া বৃদ্ধি হবে সে বিষয়ক চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

এর আগে শনিবার (১৮ এপ্রিল) রাতে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়। নতুন এই দাম রোববার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্ধারিত নতুন দরে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা থেকে ১৫ টাকা বেড়ে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে। অকটেন ১২০ টাকা থেকে ২০ টাকা বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৯ টাকা বেড়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে ১৮ টাকা বেড়ে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

বর্তমানে দেশের দূরপাল্লার রুটের জন্য সরকার নির্ধারিত বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ হাজি, ৪৮ জনের মৃত্যু

দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ হাজি, ৪৮ জনের মৃত্যু

চীনা জাহাজের অনুপ্রবেশে তাইওয়ানের ক্ষোভ

চীনা জাহাজের অনুপ্রবেশে তাইওয়ানের ক্ষোভ

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

‘রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ায় মাইলফলক’

অ্যাটর্নি জেনারেল ‘রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ায় মাইলফলক’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App