বাবাকে নিয়ে শ্বশুরবাড়িতে লুট করলেন ছেলে
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৩:০৭ পিএম
ছবি: সংগৃহীত
নেশার টাকার জোগান দিতে বাবাকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে স্বর্ণালংকার লুট করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নেত্রকোনা জেলার মদন উপজেলা এলাকায়।
রোববার (৮ মার্চ) রাতে মদন পৌরসভার শ্যামলী রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন, গফরগাঁও উপজেলার মধ্যবাজার এলাকার বাসিন্দা বরুণ চন্দ্র কর্মকার (৪৫) এবং তার ছেলে তরুণ চন্দ্র কর্মকার (২২)।
আরো পড়ুন: তাহমিনা লিমিটেডের এমডিসহ ১৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পরিচ্ছন্ন কর্মী ও পৌরসভার বাসিন্দা অমূল্য চন্দ্র দাসের মেয়েকে বিয়ে করেন তরুণ চন্দ্র কর্মকার। বিয়ের প্রায় দুই মাস পর স্ত্রী ও বাবাকে নিয়ে তিনি মদনে চলে আসেন। পরে শ্বশুরের বাড়ির পাশেই শ্যামলী রোড এলাকায় অনু মিয়ার বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। তরুণের বাবা বরুণ চন্দ্র কর্মকার মদন পৌরসভার মাতৃ জুয়েলার্সে কাজ করেন।
অভিযোগ রয়েছে, প্রায় এক সপ্তাহ আগে নেশার টাকার জন্য তরুণ ও তার বাবা বরুণ মিলে শ্বশুর অমূল্য চন্দ্র দাসের বাড়ি থেকে প্রায় লক্ষাধিক টাকার স্বর্ণালংকার নিয়ে যান। পরে রোববার রাতে আবারও নেশার টাকার জন্য শ্বশুরের ঘরে স্বর্ণালংকার নিতে গেলে স্থানীয়দের হাতে ধরা পড়েন তারা। পরে স্থানীয়রা তাদের আটক করে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়। এ সময় তারা স্বর্ণালংকার নেওয়ার বিষয়টি স্বীকার করেন।
বরুণ চন্দ্র কর্মকার বলেন, টাকার চাপ ছিল। তাই স্বর্ণালংকার নিয়ে বিক্রি করে দিয়েছেন। তিনি স্বীকার করেন, এটি তাদের ঠিক হয়নি।
অন্যদিকে তরুণ চন্দ্র কর্মকার দাবি করেন, তিনি আগে নেশা করতেন, এখন আর করেন না। তবে তার বাবাই এক সপ্তাহ আগে শ্বশুরের ঘর থেকে স্বর্ণালংকার চুরি করেছেন বলে তিনি উল্লেখ করেন।
ভুক্তভোগী অমূল্য চন্দ্র দাস বলেন, তার মেয়ের জামাই নেশাগ্রস্ত। বিয়ের পর মেয়ের অলঙ্কার বিক্রি করে দিয়েছে। এখন আবার নেশার টাকার জন্য বাবা-ছেলে মিলে তার ঘরের স্বর্ণালংকার লুট করে বিক্রি করে দিয়েছে। তিনি এ ঘটনায় থানায় মামলা করবেন বলে জানান।
আরো পড়ুন: মদ উদ্ধারের মামলায় খালাস পেলেন আসিফ
এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, ঘটনার সঙ্গে জড়িত বাবা-ছেলেকে আটক করে থানায় আনা হয়েছে। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
