পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০১:৫৬ পিএম
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন-ইচি এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : ভোরের কাগজ
পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৩ মার্চ) সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন-ইচি সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু এবং অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার। জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) মাধ্যমে দেশটি ঢাকার মেট্রোরেল প্রকল্প এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণসহ বিভিন্ন বৃহৎ অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করেছে।
তিনি বলেন, জাপানের সঙ্গে বাংলাদেশের সহযোগিতার ক্ষেত্র বহুমাত্রিক। অতীতে জাপান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক সেফটি কার্যক্রমে কাজ করেছে। ভবিষ্যতেও পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ লক্ষ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শিগগিরই কিছু সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হবে বলেও জানান।
বৈঠকে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা, পুলিশ পুনর্গঠন, ট্রাফিক ব্যবস্থাপনা, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
আরো পড়ুন : ঈদে দীর্ঘ ছুটির সম্ভাবনা, মন্ত্রিপরিষদে প্রস্তাব
সাক্ষাতের শুরুতে মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানান। রাষ্ট্রদূত বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে জাপানের অব্যাহত সহায়তার আশ্বাস দিয়ে বলেন, ডিএমপির ট্রাফিক সেফটি প্রকল্পটি গত বছর সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও পুলিশ ও ডিএমপির সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ রয়েছে জাপানের।
এ সময় রাষ্ট্রদূত উল্লেখ করেন, চলতি বছর হলি আর্টিজান হামলার দশ বছর পূর্তি হতে যাচ্ছে। তিনি বাংলাদেশে অবস্থানরত জাপানি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাপানি বিনিয়োগকারী, ব্যবসায়ী এবং বাংলাদেশে বসবাসরত সকল জাপানি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। জাপানের যেকোনো অনুরোধ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খানসহ জাপান দূতাবাসের প্রথম সচিব (পলিটিক্যাল) কোমিনে কেন এবং প্রথম সচিব (ইকোনমিক) মোচিদা ইউতারো উপস্থিত ছিলেন।
