ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪২ এএম
ছবি: মাহফুজ খান
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। ভোরের আলো ফুটতেই নানা শ্রেণি-পেশার মানুষ ফুল হাতে শহীদ মিনারে সমবেত হন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রভাতফেরি আর কালো ব্যাজে শোক ও গৌরবের আবহে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
এর আগে প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। রাত ১২টা ৮ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মন্ত্রিসভার সদস্যরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জিয়া পরিবারের পক্ষ থেকেও ফুল দেওয়া হয়।
পরবর্তীতে সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১১ দলীয় জোটের নেতারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ জোটের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং আপিল বিভাগের বিচারপতিরা। তিন বাহিনীর পক্ষে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন পুষ্পস্তবক অর্পণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়-এর পক্ষে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান শ্রদ্ধা জানান। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকেও ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়।
রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, এনডিএম, এবি পার্টি, জাতীয় পার্টি, বিজেপি, জেপি, সিপিবি, বাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাসদ, জেএসডিসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। পাশাপাশি ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট ও ছাত্রমৈত্রীর নেতাকর্মীরাও শহীদ মিনারে উপস্থিত ছিলেন।
এ ছাড়া জুলাই ঐক্য, প্রথম আলো বন্ধুসভা ও জুলাই মঞ্চসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জাতি আবারও স্মরণ করে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সেই বীর সন্তানদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে মাতৃভাষা বাংলার অধিকার।
