স্বাস্থ্যমন্ত্রী বকুল
‘এবার ডাক্তারই রোগীদের পেছনে ঘুরবে’
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০২ পিএম
ছবি: সংগৃহীত
রোগীকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তারই রোগীদের পেছনে ঘুরবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পর শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নরসিংদীর মনোহরদীর হাফিজপুর গ্রামের নিজ বাড়িতে তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণ দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত গড়ে তোলা আশ্বাস দিয়ে তিনি বলেন, চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। ইতোমধ্যে চিকিৎসা সেবাকে সহজলভ্য ও সার্বজনীন করার মনমানসিকতা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আশা করছি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের উদ্দেশ্য সম্পূর্ণ রূপে পূরণ হবে।
তিনি বলেন, যারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের ওপর যেমন দায় রয়েছে। যারা ভোট দেয়নি তাদের প্রতিও আমাদের সমানভাবে দায়ভার রয়েছে। সকল প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে, সকল বিদ্বেষ ভুলে গিয়ে আমরা মুক্তিযুদ্ধের সকল পক্ষের মানুষকে নিয়ে নতুন সমৃদ্ধশীল ও মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক একটি বাংলাদেশ গড়ে তুলব।
নরসিংদীতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা জনগণের দীর্ঘ দিনের দাবির প্রতি একাত্মতা পোষণ করে মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, আপনারা দোয়া করবেন যাতে দ্রুত সময়ের মধ্যে নরসিংদীতে মেডিকেল কলেজ করতে পারি। এছাড়া নরসিংদীর ২৫০ শয্যা হাসপাতালসহ যেগুলো চালু হয়নি সেগুলো যেন দ্রুত চালো হয় এজন্য আমরা কাজ করবো এবং নরসিংদীতে দুইটি আইসিও ইউনিটের ব্যবস্থার কথাও ভাবছি।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কলিমুল্লাহ, নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ এন এম মিজানুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রশিদ দোলন, উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লব, মনোহরদী উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতানেত্রী ও কর্মীরা
