অন্তর্বর্তী সরকারের বিবৃতি
১৮ মাসে পররাষ্ট্র ও অর্থনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে দেশের অর্থনীতি ও পররাষ্ট্র খাতে উল্লেখযোগ্য অগ্রগতিস হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।
বিশেষ করে চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং ভারতের সঙ্গে পারস্পরিক সম্মানের ভিত্তিতে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক স্থাপণ করা সম্ভব হয়েছে বলে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রচারিত এই বিবৃতিতে উল্লেখ করা হয়।
আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে ব্যাপক লুটপাট-অর্থপাচারে বিপর্যস্ত অর্থনীতি, দুর্নীতি-দুঃশাসনে বিপর্যস্ত সরকারি প্রতিষ্ঠান, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের আস্থাহীনতা এবং বিচারব্যবস্থায় অবিশ্বাসের পরিপ্রেক্ষিতে সৃষ্ট জুলাই গণঅভ্যুত্থানের পর, দেশকে সংকট থেকে উত্তরণের জন্য প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল।
বিবৃতিতে বলা হয়, ‘অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গত ১৮ মাসে প্রায় ১৩০টি আইন (নতুন ও সংশোধনী) প্রণয়ন এবং ৬০০টিরও বেশি নির্বাহী আদেশ জারি করেছে, যা প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য জরুরি ছিল। এর মধ্যে প্রায় ৮৪ শতাংশ ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে।’
অর্থনীতি ও পররাষ্ট্র সম্পর্কেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে উল্লেখ করে বিবৃতিতে জানানো হয় যে- জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির ফলে প্রায় ৭,৪০০টি বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত সুবিধা পেয়েছে। চীনের সঙ্গে সহযোগিতায় ঋণের মেয়াদ বৃদ্ধি, স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন এবং বন্যা পূর্বাভাস ব্যবস্থার উন্নতি হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় শুল্কহার ৩৭% থেকে ২০% এ নামানো হয়েছে। গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার হয়েছে এবং ভারতের সঙ্গে সম্পর্ক পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভারসাম্যপূর্ণ হয়েছে।
এসবের পাশাপাশি, আইন-শৃঙ্খলা বাহিনীতে সংস্কারের অংশ হিসেবে ১,২০০-রও বেশি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে পুনর্গঠন করে “স্পেশাল ইন্টারভেনশন ফোর্স” নামকরণ এবং সাংবাদিকদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা প্রত্যাহার ও বন্ধ হওয়া গণমাধ্যম পুনরায় চালুর মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা ফিরে আনার মতো সংস্কারগুলোর কথাও উল্লেখ করা হয় বিবৃতিতে।
এছাড়া, ১৬ বছরের ক্ষতি আঠারো মাসে পূরণ সম্ভব নয়, তবে দেশ দৃঢ়ভাবে স্বৈরাচারি আচরণ ও ব্যবস্থা থেকে সরে এসে গণতান্ত্রিক ভবিষ্যতের পথে দেশ এখন অগ্রসর হচ্ছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
বিবৃতিতে অন্তবর্তী সরকারের ১৮ মাসের সংস্কার কার্যক্রম নিয়ে ২৫৫ পৃষ্ঠার একটি রিফর্ম বই প্রকাশের কথাও জানানো হয়। বইটির পিডিএফ পড়তে চাইলে ক্লিক করুন
