তারেক রহমান
দেশ গঠনে আমরা সবাই ঐক্যবদ্ধ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। ভোটে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ভিন্নমত থাকতে পারে, তবে দেশ গঠনে আমরা সবাই ঐক্য। দেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ। এবার আমাদের দেশ গড়ার পালা। দেশ গড়তে আমরা সবার সহযোগিতা চাই।’
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারম্যান বলেন, ‘দেশের স্বাধীনতাপ্রিয় মানুষ বিএনপিকে বিজয়ী করেছে। এটা জনগণের বিজয়। শনিবার থেকে দেশের সবাই স্বাধীন। সবাইকে অভিনন্দন। দেশে সবার অংশগ্রহণে ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্রের যাত্রা শুরু হয়েছে।’
তিনি আরো বলেন, ‘এই জয় বাংলাদেশের, দেশের মানুষের।’
এ সময় তিনি নির্বাচনে অংশ নেওয়া দল, বিশেষ করে জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন এবং জমিয়তে উলামায়ে ইসলামকে ‘আন্তরিক ধন্যবাদ’ জানান।
সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে তারেক সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে এবং সতর্ক থাকতে আহ্বান জানান।
