ইজতেমায় মোট চার মুসল্লির মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪২ পিএম
ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে ইজতেমায় যোগ দিতে আসা আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট চার মুসল্লির মৃত্যু হয়েছে। বাংলাদেশ তাবলিগ জামাত শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এই তথ্য জানিয়েছেন।
হাবিবুল্লাহ রায়হান জানান, শনিবার বেলা পৌনে ৩টার দিকে ষাট বছরের মিজ আলী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিজ আলী হবিগঞ্জ সদর উপজেলার রামনগর তেগরিয়া এলাকার দোস্ত মোহাম্মদের ছেলে।
এর আগে শুক্রবার রাতে হবিগঞ্জের বাহুবল থানার রাগবপুর এলাকার নওয়াব উল্লার ছেলে মো. ইয়াকুব আলী (৬০), একইদিন সকালে খুলনার ডুমুরিয়া বাজার এলাকার বাসিন্দা লোকমান হোসেন গাজীর ছেলে আব্দুল কুদ্দুস গাজী (৬০) এবং একইদিন দুপুরে শেরপুরের শ্রীবর্দী থানার রাণী শিমুল এলাকার মো. আব্দুল্লাহর ছেলে ছাবেদ আলী (৭০) মারা গেছেন। ইজতেমা ময়দানেই সবার জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাদের লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়।
উল্লেখ্য, তিন ধাপে হবে এবারের বিশ্ব ইজতেমা। বাংলাদেশ তাবলিগ জামাত শুরায়ে নেজামের তত্ত্বাবধানে ৩১ জানুয়ারি শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে প্রথম পর্ব।
