মধ্যরাতে আগুন লেগেছিল সচিব নিবাসেও
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:১০ পিএম
বুধবার মধ্যরাতে আগুন লেগেছিল ইস্কাটনের সচিব নিবাসেও। ছবি: সংগৃহীত
সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি পুড়ে ছাঁই হয়ে যায়। এর কয়েক ঘণ্টা আগে বুধবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে আরেকটি আগুনের ঘটনা ঘটেছে। সেটি রাজধানীর ইস্কাটন এলাকায় সচিব নিবাসে। এই ঘটনায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার রাত ৮টা ২০ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে ইস্কাটন গার্ডেন রোডে অবস্থিত সচিব নিবাসের ২০ তলা ভবনের ৪ তলার একটি বাসার রান্নাঘরে আগুন লাগে। পরে ঘটনাস্থলে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া এ আগুনে কেউ হতাহত হয়নি।
আরো পড়ুন: সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠন
এদিকে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার এই কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসন ও শৃঙ্খলা শাখার এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
অফিস আদেশে বলা হয়, কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য যুক্ত (কো-অপ্ট) করতে পারবে। কমিটি আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। কমিটির আহ্বায়ক মোহাম্মদ খালেদ রহীম। তিনি মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন)। সদস্যসচিব গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়)।
কমিটির সদস্য জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি (যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়), স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি (যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়), ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধি।
