সচিবালয়ের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:১৯ এএম
ছবি: ভোরের কাগজ
রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন ছয় ঘণ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাকিবুল ইসলাম ভোরের কাগজকে জানান, বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এর আগে বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এর মিনিট দুয়েক পরই সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়লে একে একে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট অগ্নিনির্বাপণ কাজে যোগ দেয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে সচিবালয়ের সামনে ব্রিফিংয়ে বলেন, রাত ১টা ৫২ মিনিটে আমরা মেসেজ পাই সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগেছে। ১টা ৫৪ মিনিটের মধ্যে আমাদের ইউনিট পৌঁছে যায়। এ পর্যন্ত এখানে ১৯টি ইউনিট নিয়োজিত করা হয়েছে।
তবে ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো ঢোকাতে না পারায় কাজে বেগ পেতে হয়েছে বলে জানান তিনি। জাহেদ কামাল বলেন, সামনের গেইট ভেঙে দুটো গাড়ি ঢুকিয়েছি। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। ৬, ৭, ৮, ৯ এই চারটি তলায় আগুন ধরেছে। আমরা আশা করছি, ঘণ্টাখানেকের মধ্যে আগুন নেভানোর কাজ শেষ হবে।
রাতে আগুন লাগার পর কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো সচিবালয় এলাকা। সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএন সদস্যরাও পরে আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে যোগ দেন। অগ্নি নির্বাপণের কাজে পানির লাইন দিতে গিয়ে সচিবালয়ের সামনের রাস্তায় ট্রাক চাপায় আহন হন মো. সোহানুর জামান নয়ন নামের একজন ফায়ার ফাইটার। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয় বলে ফায়ার সার্ভিসের ডিজি জানান।
এদিকে, মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে দেয়া তথ্যমতে, সচিবালয়ের সাত নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে।
