রিমান্ডে কাদেরকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন সালমান এফ রহমান
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫১ পিএম
ওবায়দুল কাদের ও সালমান এফ রহমান
রিমান্ডে সাবেক সেতু ও সড়কমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। সরকার পতনের আগে কারফিউ ঘোষণার দিন ওবায়দুল কাদেরের দেখামাত্র গুলির নির্দেশ-এই বিষয়ে ডিবি কার্যালয়ে রিমান্ডে সালমান এফ রহমানকে প্রশ্ন করা হয়। সালমান এফ রহমান বলেন, আইনগতভাবে এটা বলার সুযোগ নেই। তিনি কেন এ ধরনের কথা বলেছেন তার ব্যাখ্যা তিনি নিজেই দিতে পারবেন।
এর আগে গত ১ আগস্ট সরকার পতনের আগে ধানমণ্ডিতে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলাবাহিনীকে দেখামাত্র গুলির নির্দেশ দেয়া হয়নি। সেনাবাহিনী কোথাও গুলি ছুড়েছে এমন কোনো তথ্য আমাদের কাছে নেই।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকেই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ। গ্রেপ্তারের পর রিমান্ডে নেয়া হয়েছে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা, সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাদের।
বিভিন্ন মামলায় ডিবি হেফাজতে রিমান্ড শেষে ইতোমধ্যেই তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে ডিবি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের অনেকেই বলেছেন, তারা শেখ হাসিনাসহ অন্যদের বারবার সতর্ক করেছেন। বলেছেন, যা হচ্ছে তা ভালো হচ্ছে না। কিন্তু তারা কোনো উপদেশই শোনেননি। শেখ হাসিনা ছিলেন একরোখা।
