শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরো ৪ অভিযোগ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৪ পিএম
শেখ হাসিনা
বৈষম্যবিরোধী আন্দোলনে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি, হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে গণহত্যার আরো চারটি অভিযোগ দায়ের করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) আবেদনগুলো করেন ভিকটিমের আত্মীয় স্বজনরা। এ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ১৩টি এবং চিফ প্রসিকিউটরের কার্যালয়ে ১০টিসহ মোট ২৭টি অভিযোগ দায়ের হলো।
শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে ‘নির্বিচারে হত্যা ও লাশ গুম করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আরেকটি আবেদন করা হয়েছে। ওই চার অভিযোগসহ নয় জেলায় বিভিন্ন মামলায় ৪৪৬ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, জুলাইজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারায় সরকার পতন আন্দোলন শুরু হয়; ৫ অগাস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যা পরিণতি পায়। দেশত্যাগ করে ভারতে চলে যায় শেখ হাসিনা, উল্লাসে ফেটে পড়ে আন্দোলনকারীরা। সেদিন বিভিন্ন জায়গায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ হয়, থানায় হামলা হয়; গুলি চালায় পুলিশ, যাতে ছাত্র-জনতার অনেকে নিহত হন।
