পুলিশের সাবেক ডিসি মশিউর ও পরিদর্শক মাজহার রিমান্ডে
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৫ পিএম
ডিসি মশিউর ও পরিদর্শক মাজহার
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সাবেক উপপুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমানের ৭ দিনের ও যাত্রাবাড়ী থানার সাবেক পুলিশ পরিদর্শক মাজহারুল ইসলামের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) মশিউরকে আদালতে হাজির করা হয়। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যায় করা মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের পরিদর্শক জাহাঙ্গীর আরিফ তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।
এসময় আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত জামিন নামঞ্জুর করে তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরআগে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে রাজধানী থেকে মশিউর রহমানকে আটক করে গোয়েন্দা পুলিশ।
অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লর্ড হার্ডিঞ্জং ফাযিল মাদরাসার ছাত্র আরিফকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক পুলিশ পরিদর্শক মাজহারুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক। এ মামলায তাকে আদালতে হাজির করা হয়।
এরপর মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মৃগাংক শেখর তালুকদার তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট থানার নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান। একইদিনে বিকেলে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজারের রোডে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গোলাগুলিতে চোখে গুলিবিদ্ধ হয়ে মারা যান আরিফ।
