খুন-গুমসহ আয়নাঘরের মতো সব অপকর্মের বিচার হবে: ড. ইউনূস
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৮:২৬ পিএম
রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেন ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, স্বৈরাচার সরকারের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণ এবং আয়নাঘরের মতো ঘৃণ্য সব অপকর্মের বিচার হবে। রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ কথা জানান তিনি।
ড. ইউনূস বলেন, বাংলাদেশকে আর কেউ যেন কোনো দিন পুলিশি রাষ্ট্রে পরিণত না করতে পারে, সেই ব্যবস্থা নেয়া হবে। বিচার বিভাগকে দুর্নীতি ও দলীয় প্রভাবমুক্ত করতে কার্যক্রম শুরু হয়েছে। সুনির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার বিভাগের স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণ এবং আয়নাঘরের মতো চরম ঘৃণ্য সব অপকর্মের ন্যায়বিচার নিশ্চিত করা হবে। এসব অপকর্মের সঙ্গে জড়িত সবার বিচার হবে। তালিকা প্রস্তুত করে মিথ্যা মামলা প্রত্যাহার হবে। দুর্নীতি ও সম্পদ পাচারের বিচার হবে।
প্রধান উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলার ক্ষেত্রে জনমুখী এবং দলীয় প্রভাবমুক্ত ও জবাবদিহিতামূলক কাঠামো সৃষ্টির লক্ষ্যে পুলিশ কমিশন গঠন করা হবে। জাতিসংঘের তদন্ত প্রতিবেদন, দায়িত্বপ্রাপ্ত সব সংস্থা ও জনগণের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে কমিশনের নেতৃত্বে প্রয়োজনীয় সংস্কার করা হবে।
