বঞ্চিত ১৩১ যুগ্ম-সচিব পেলেন পদোন্নতি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৪:২৯ পিএম
ছবি: সংগৃহীত
এবার অতিরিক্ত সচিব পদে ১৩১ জন যুগ্ম-সচিবকে পদোন্নতি দিয়েছে সরকার। এসব কর্মকর্তারা পতন হওয়া আওয়ামী লীগের সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত ছিলেন। রবিবার (২৫ আগস্ট) যুগ্ম সচিব ও উপসচিবের পর এসব পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পদোন্নতির পর এসব কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পরে তাদেরকে পদায়ন করা হবে।
প্রজ্ঞাপনে জানানো হয়, অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা যে তারিখ থেকে কনিষ্ঠ কর্মকর্তা দ্বারা অতিক্রান্ত হয়েছেন, সেই তারিখ থেকে তাদের পদোন্নতি কার্যকর হবে এবং তারা বকেয়া আর্থিক সুবিধা পাবেন।
আরো পড়ুন: ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার বৈঠক, যে আলোচনা হলো
এতে আরো জানানো হয়, পরে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো রকম বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর থেকে সচিবালয়ে পদ-পদোন্নতি থেকে বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের তৎপরতা বেড়েছে। বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।
