দেশের বিভিন্ন জায়গায় হামলা-আক্রমণ নিয়ে যে দাবি করলেন ড. ইউনূস
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০৫:২০ পিএম
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
দেশের বিভিন্ন জায়গায় হামলা বা আক্রমণ ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, হামলায় আক্রান্তদের রক্ষা করা এবং দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনা আমাদের প্রথম কাজ। তিনি বলেন, ‘এগুলো আমাদের কিছু না…আমাদের কাজ সবাইকে রক্ষা করা। প্রতিটি মানুষ আমাদের ভাই, আমাদের বোন।’
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়া এসব কথা বলেন ড. ইউনূস। তিনি বলেন, আমার ওপরে যদি ভরসা রাখেন, আশা করি দেশের কোথাও হামলা হবে না। আমার কথা যদি না শোনেন তাহলে, আমার এখানে কোনো প্রয়োজন নাই। আমাকে বিদায় দেন, আমি আমার কাজে ব্যস্ত থাকি। আমাকে প্রয়োজন মনে করলে আপনাদের দেখাতে হবে আমার কথা আপনারা শোনেন।
সহিংসতাকারীদের প্রতিরোধে আইন নিজেদের হাতে না তুলে নেয়ার কথাও বলেন ড. ইউনূস। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করলে যেন দুটা টাকা দিয়ে ছেড়ে দিল, এমনটা না হয়।
এই আন্দোলনে তরুণদের ভূমিকার প্রশংসা করে তাদের দেশ পরিচালনার কথাও বলেন। আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাঈদের কথা বলতে গিতে আবেগাপ্লুত হয়ে পড়েন ড. ইউনূস। তিনি বলেন, আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের। তার কথা প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। তারপর থেকে কোনো যুবক হার মানে নাই। তারা এগিয়ে গেছে।
‘সরকার বলে একটা জিনিস আছে, কিন্তু আস্থা নাই’ উল্লেখ করে নোবেলজয়ী অধ্যাপক ইউনূস বলেন, ‘সরকারের কথা শুনলে মনে হয় ভয়ের একটা জিনিস। তাকে সামাল দিয়ে চলতে হবে। কিন্তু এটা হবার কথা না। সরকার মানুষকে রক্ষা করবে, মানুষের আস্থাভাজন হবে। সরকারি লোক দেখলে বলবে আমার লোক।’
আরো পড়ুন : আমার ওপরে ভরসা রাখুন, কারো ওপর হামলা হবে না: ড. ইউনূস
