×

জাতীয়

ছাত্র আন্দোলন: শনিবার যা যা ঘটেছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ০৯:২৫ এএম

ছাত্র আন্দোলন: শনিবার যা যা ঘটেছে

ছবি: সংগৃহীত

এক দফা দাবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া বর্তমান সরকার পদত্যাগের পর একটি জাতীয় সরকার গঠনেরও আহ্বান জানিয়েছেন তারা। কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়া সংগঠনটির সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেন। শনিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শহীদ মিনারে সমবেত ছাত্র-জনতার উদ্দেশে বক্তব্য দেন নাহিদ। 

অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন: রবিবার (৪ আগস্ট) থেকে ‘অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের’ আহ্বান করেছে আন্দোলনকারীরা। পাশাপাশি দেশের সব জেলা, উপজেলা, পাড়া, মহল্লায় বিক্ষোভ ও গণঅবস্থান কর্মসূচি, আন্দোলন চলাকালে হওয়া সব হত্যার বিচার ও সব রাজবন্দীকে মুক্ত করার আহ্বান জানানো হয়েছে।

আওয়ামী লীগের কর্মসূচি: পাল্টা কর্মসূচি হিসাবে রবিবার রাজধানী ঢাকার সব ওয়ার্ডে এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েত কর্মসূচি পালন করার কথা জানিয়েছে আওয়ামী লীগ। 

কারফিউ: পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত শিথিলের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকা মহানগর ও ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুর জেলায় কারফিউ শিথিল থাকবে।

বিশাল সমাবেশ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ও চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় বিশাল সমাবেশ হয়েছে, যেখানে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। এছাড়া রংপুর, সিলেট, ফরিদপুর, রাজশাহী, বগুড়া, বরিশাল, নারায়ণগঞ্জ, বরগুনা, সিরাজগঞ্জ, কুমিল্লা, সিলেটসহ অনেক স্থানে মিছিল ও সমাবেশ হয়েছে।

সহিংসতা: গাজীপুরের সহিংসতায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে আরো একজনের। কুমিল্লায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ১০ জন। চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত তিনজন। এই সময় আওয়ামী লীগ ও বিএনপির বেশ কয়েকজন নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

আন্দোলনকারীদের সঙ্গে সংলাপে বসতে চান প্রধানমন্ত্রী: কোটা সংস্কার আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণভবনের দরজা শিক্ষার্থীদের জন্য সব সময় খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। সব বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা হতে পারে। আমি আর সংঘাত চাই না।

সংলাপ নিয়ে সমন্বয়ক আসিফ মাহমুদের মন্তব্য: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক আসিফ মাহমুদ লিখেছেন, যখন আমরা ডিবি অফিসে বন্দী ছিলাম, তখনই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আন্দোলন স্থগিত করতে বলা হয়। এমনকি জোর করে গণভবনে নিয়া যাওয়ার পরিকল্পনাও চলছিল। এই প্রস্তাবের প্রতিবাদে ও মুক্তির দাবিতে আমরা অনশনে বসেছিলাম।

শিক্ষার্থীদের মুক্তি দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর: কোটা সংস্কার আন্দোলন ঘিরে আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠানের জন্য প্রস্তাবিত বহুল বিতর্কিত প্রত্যয় পেনশন ব্যবস্থা তিনি বাতিল ঘোষণা করেছেন।

সরকারকে পদত্যাগের দাবি ফখরুলের: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘ছাত্র জনতার দাবি’ মেনে নিয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগ করার জন্য আহবান জানিয়েছেন।

শিক্ষার্থীদের কাছে দায়িত্বশীল আচরণ আশা করলেন ওবায়দুল কাদের: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনরত শিক্ষার্থীদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে বলেছেন ইতোমধ্যে পরিষ্কার হয়ে গেছে যে শিক্ষার্থীদের আন্দোলন বেহাত হয়ে গেছে। এই অশুভ শক্তির তৎপরতা আমরা সফল হতে দিবো না। প্রিয় মাতৃভূমি, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রতি আমাদের অঙ্গীকার শতভাগ।

আবু সাঈদের মৃত্যুর ঘটনায় দুই পুলিশ বরখাস্ত: রংপুরে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া পুলিশি সদস্য হলেন উপপরিদর্শক (এসআই) আমীর হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র।

বাংলাদেশ ইস্যুতে ব্লিংকেনকে ২২ মার্কিন আইনপ্রণেতার চিঠি: বাংলাদেশে সহিংসতা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের কাছে চিঠি পাঠিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ২২ জন সেনেটর ও কংগ্রেসম্যান। ওই চিঠিতে তারা বলেছেন, কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে শিক্ষার্থীদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে লিপ্ত রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে বর্তমান সরকারের অধীনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি প্রকাশ হয়ে পড়েছে।

রবিবার প্রাথমিক বিদ্যালয় খুলবে না: শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, রবিবার প্রাথমিক বিদ্যালয় খুলবে না। কবে খুলবে, সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। শনিবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় স্কুল খোলার বিষয় সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু বর্তমানে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা জরুরি। সেজন্য রবিবার বিদ্যালয় খোলার সিদ্ধান্ত থেকে আপাতত সরে আসা হয়েছে।

সমন্বয়ক আরিফ সোহেলের জামিন: ২৭ জুলাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকে তুলে নেয়ার পর শনিবার রাতে জামিনে মুক্তি পেয়েছেন। তাকে বনানীর সেতু ভবন হামলার মামলায় ছয় দিনের রিমান্ডে নেয়া হয়েছিল।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App